বিনোদন

ইতালিতে দর্শক মাতাল ‘রাক্ষস’

প্রবাহ বিনোদন : ঈদুল ফিতরে দেশজুড়ে সফল প্রদর্শনের পর এবার আন্তর্জাতিক যাত্রা শুরু করেছে রোমান্টিক থ্রিলার সিনেমা ‘রাক্ষস’। ইতালির রাজধানী রোমে ৬ এপ্রিল সিনেমা ব্রডওয়েতে এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে সিনেমাটির ইউরোপীয় বাজারে আনুষ্ঠানিক প্রবেশ হলো।
প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রোমে প্রথম দিনের প্রদর্শনীতে দর্শকদের সাড়া ছিল বেশ উৎসাহব্যঞ্জক। এতে করে দেশের বাইরেও সিনেমাটি নিয়ে আগ্রহ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। আজিম হারুন ও শাহরিন আক্তার সুমির প্রযোজনায় নির্মিত এই সিনেমায় রোমান্স ও সাসপেন্সের মিশেলে ভিন্নধর্মী এক গল্প তুলে ধরা হয়েছে, যা বিভিন্ন শ্রেণির দর্শকদের আকৃষ্ট করার লক্ষ্যেই নির্মিত।
বাংলাদেশে মুক্তির তৃতীয় সপ্তাহেও সিনেমাটি নিয়ে দর্শক আগ্রহ চোখে পড়ার মতো। শুরুতে মাল্টিপ্লেক্সে শো সীমিত থাকলেও দর্শক চাহিদা কমেনি; বরং বিভিন্ন হলে এখনো দর্শক উপস্থিতি লক্ষণীয়। একই সঙ্গে এ সপ্তাহে ৩০টির মত সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি মুক্তি পেয়েছে। যেখানে প্রথম দিন ৪১ লাখ টাকার বেশি আয় করেছে সিনেমাটিÑ এমনটাই জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। জানা গেছে , আগামী সপ্তাহে আরও ১০টি সিঙ্গেল স্ক্রিনে এটি মুক্তি পাবে।
পরিচালক আশা প্রকাশ করেছেন, সিঙ্গেল স্ক্রিনে রাক্ষস যে ভালো সূচনা করেছে তা অব্যহত থাকবে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইয়ে চিত্রায়িত ‘রাক্ষস’, নির্মাতা হৃদয়ের দ্বিতীয় সিনেমা, এর আগে তিনি ‘বরবাদ’ সিনেমাটি নির্মাণ করেছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button