বিনোদন

‘দম’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিলের সম্পদের হিসাব চেয়েছে দুদক

প্রবাহ বিনোদন : আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী ও চলচ্চিত্র প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়ার (শাহরিয়ার শাকিল) সম্পদের বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৫ ফেব্রুয়ারি দুদকের পরিচালক মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য জানানো হয়।
দুদকের নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে শাহরিয়ার শাকিলের নামে-বেনামে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এ অবস্থায় আদেশ পাওয়ার ২১ কর্মদিবসের মধ্যে তাকে নিজের, স্ত্রী ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা এবং আয়ের উৎসসহ বিস্তারিত বিবরণী জমা দিতে বলা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ জানান, শাহরিয়ার ভূঁইয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ ছাড়াও আরো কিছু অভিযোগের অনুসন্ধান চলছে। সুষ্ঠু তদন্তের স্বার্থেই এই নোটিশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দিতে ব্যর্থ হলে বা ভুল তথ্য দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে দুদক।
বলে রাখা ভালো, শাহরিয়ার শাকিল অভিনীত ও প্রযোজিত আলোচিত সিনেমা ‘দম’ ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে। এর আগেও তার বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অভিযোগ তুলেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সে সময় এফডিসিতে সাধারণ প্রযোজক, পরিচালক ও টেকনিশিয়ানরা উপস্থিত হয়ে এর প্রতিবাদ জানিয়েছিলেন।
শাহরিয়ার শাকিল ও তার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই থেকে সাম্প্রতিক সময়ে ‘তুফান’, ‘তা-ব’ ও ‘দাগি’ এর মতো বড় বাজেটের সিনেমা নির্মিত হয়েছে। এসব সিনেমায় শাকিব খান ও আফরান নিশোর মতো শীর্ষ তারকাদের অভিনয় করতে দেখা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button