ইরানে দূতাবাস ফের খোলার ঘোষণা স্পেনের

প্রবাহ ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর ইরানে নিজেদের দূতাবাস অস্থায়ীভাবে বন্ধ করেছিল স্পেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির পর দূতাবাস ফের খোলার ঘোষণা দিয়েছে স্পেন।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল অ্যালবারেস এই ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার রাজাধানী মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে অ্যালবারেস বলেছেন, “আমি তেহরানে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূতকে ফিরে গিয়ে পুনরায় যোগদান করতে এবং তেহরানে স্পেনের দূতাবাস ফের চালু করার নির্দেশ দিয়েছি।”
“তাছাড়া বর্তমানে শান্তি স্থাপনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তাতে স্পেন ভূমিকা রাখতে আগ্রহী। তেহরানে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূতকে এ ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর নিরাপত্তাজনিত কারণে ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করেছিল স্পেন, রাষ্ট্রদূতকেও ফিরিয়ে এনেছিল।
টানা ৪০ দিন যুদ্ধ করার পর পাকিস্তানের মধ্যস্থতায় গত ৭ তারিখ ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধবিরতির মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার স্থায়ী অবসান এবং এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি। এই চুক্তি নিয়ে আলোচনা করতে আগামী ১০ এপ্রিল থেকে ইষলামাবদে বৈঠক শুরু হবে মার্কিন ও ইরানি প্রতিনিধিদলের মধ্যে।



