লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নিহত : ফিলিস্তিনের নিন্দা

# দিপালীর পরিবারে শোকের মাতম #
প্রবাহ রিপোর্ট ঃ লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নাগরিক দিপালী বেগম নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস। শনিবার (১১ এপ্রিল) দূতাবাস এক বার্তায় এই নিন্দা ও শোক প্রকাশ করে। দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, দূতাবাস তার পরিবার ও আপনজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। এই হামলার ফলে নিরীহ বেসামরিক নাগরিকদের প্রাণহানি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এই শোকের মুহূর্তে ফিলিস্তিন রাষ্ট্র বাংলাদেশের জনগণের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে। দূতাবাস আন্তর্জাতিক সম্প্রদায়কে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত এবং এই জঘন্য অপরাধের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে অর্থবহ ও অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে। ৮ এপ্রিল লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় বাংলাদেশি নাগরিক দিপালী বেগম নিহত হন। ইসরায়েলি হামলায় দিপালী বেগমের মর্মান্তিক হত্যার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকারও।



