বিনোদন

মেগা এপিসোড দিয়ে শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’

প্রবাহ রিপোর্ট ঃ দীর্ঘ প্রায় ৭ মাসের যাত্রায় ‘মেগা এপিসোড’ প্রচারের মধ্য দিয়ে পর্দা নামল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’র। শুক্রবার (৮ মে) বিকাল তিনটায় ইউটিউব চ্যানেল সিনেমাওয়ালায় প্রকাশ পায় দেড় ঘণ্টা দৈর্ঘ্যের এই ৫২তম পর্বটি। তবে অন্য সব এপিসোডের মতো ২৫ মিনিট নয়, এই অন্তিম পর্বের দৈর্ঘ্য ছিল ৯২ মিনিট। এ বিষয়ে ধারাবাহিকটির নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ আগেই ঘোষণা দিয়েছিলেন। সেই কথা রাখতেই এই পর্বটি বিশেষভাবে দর্শকদের জন্য তিনি উন্মুক্ত করেন। এই মেগা এপিসোড প্রসঙ্গে শুক্রবার (৮ মে) পরিচালক রাজ গণমাধ্যমকে বলেন, ‘স্বপ্নের একটি কাজ ছিল, আজ শেষ হচ্ছে। পুরো সময়ে অনেক অনেক ভালো ফিডব্যাক পেয়েছি, চরিত্রগুলোকে দর্শকেরা নিজেদের পরিবারের অংশ ভেবেছেন। একজন নির্মাতার কাছে এর চেয়ে বড় কী হতে পারে।’ শুক্রবার (৮ মে) বিকাল ৩টায় নাটকটি ইউটিউবে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক রাজ একটি পোস্ট দেন। প্রকাশের মিনিট বিশেকের মাঝেই এই অন্তিম পর্বের ভিউ প্রায় হাফ মিলিয়ন ছাড়িয়ে যায়। মন্তব্যের ঘরে দর্শকদের তুমুল আগ্রহও চোখে পড়ে। দীর্ঘদিন ধরেই নাটকটির শেষ পর্ব নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল ছিল। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা, সমালোচনা ও চরিত্রভিত্তিক বিতর্কের কারণে সিরিজটি নিয়মিতই আলোচনার খোড়াক জুগিয়েছে। উল্লেখ্য, পাকিস্তানি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের পারিবারিক সংস্কৃতিকে উপজীব্য করে নির্মিত ‘এটা আমাদেরই গল্প’। গল্পে নতুনত্ব, দর্শকদের আবেগের সঙ্গে সম্পৃক্ততা, ব্যতিক্রমী নির্মাণশৈলী ও প্রাণবন্ত অভিনয়ের সম্মিলনে এই সিরিজটি অভাবনীয় সাফল্য পেয়েছে। গল্পে ফুটে উঠেছে পারিবারিক বন্ধন ও আবেগের জটিলতা, যা অনেকের মন ছুঁয়ে গেছে। সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে। ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকটির মতো এর টাইটেল গানও ব্যাপক জনপ্রিয়তা পায়। এটি গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button