জাতীয় সংবাদ

বিদেশি পর্যটকদের হেনস্তায় দুই ‘কনটেন্ট ক্রিয়েটর’ আটক

প্রবাহ রিপোর্ট : রাজশাহীর কয়েকজন তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরের হাতে দুই বিদেশি পর্যটক হেনস্তার ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার (১০ মে) তাঁদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের মো. তমির উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (২৯) ও তানোর উপজেলার আড়াদীঘি গ্রামের মো. আয়েন উদ্দিনের ছেলে মো. রাসেল ইসলাম (২৩)।
গত শুক্রবার (৮ মে) নাটোরের লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কে রাজশাহীর কয়েকজন তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরের হাতে দুই বিদেশি পর্যটক হেনস্তার শিকার হন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
লালপুর থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই দিন গ্রিন ভ্যালি পার্কে মোহাম্মদ সাধু নামের এক কথিত টিকটকার ‘টিকটক বন্ধু মিলনমেলা-২০২৬’-এর ব্যানারে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য মাঠ ভাড়া করেন। বেলা দেড়টার দিকে প্রায় ১০০ জন বিভিন্ন বয়সী নারী ও পুরুষ পার্কের নির্ধারিত স্থানে অস্থায়ী মঞ্চে অনুষ্ঠান শুরু করেন। এ সময় পার্কের ভেতরে ‘সন্ধ্যা মালতি’ নামের পিকনিক স্পটের পাশ দিয়ে রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুজন বিদেশি নাগরিক যাওয়ার সময় ১০-১৫ জন টিকটকার তাঁদের পথ রোধ করে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষা প্রয়োগ করেন এবং ভিডিও ধারণ করেন।
বিষয়টি জানতে পেরে পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমানসহ অন্য কর্মচারীরা মিলে তাঁদের নিবৃত্ত করেন। সে সঙ্গে ম্যানেজার বাদী হয়ে লালপুর থানায় এজাহার করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, নাটোরের পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় তাঁর নেতৃত্বে একটি চৌকস দল রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন টিমের সহায়তায় নাটোর ও রাজশাহী জেলার বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায়। ঘটনার সঙ্গে জড়িত (ভিডিও ধারণ ও ভাইরালকারী) থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করাসহ গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button