কাতার-কুয়েত-আমিরাতে ড্রোন হামলা, জাহাজে আগুন

যুদ্ধবিরতির প্রস্তাবের জবাব দিল ইরান
শত্রু মোকাবিলায় নতুন নির্দেশনা সর্বোচ্চ নেতার
প্রবাহ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের তিন দেশ ড্রোন হামলা হয়েছে। এই হামলায় কাতারে একটি বাণিজ্যিক জাহাজে আগুন ধরে গেলেও কুয়েত এবং আমিরাতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও তথ্য জানা যায়নি। রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে পৃথক এসব হামলার তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া অন্তত দু’টি ড্রোনকে নিজেদের আকাশে শনাক্ত এবং বাধা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনী।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ইরানের এসব প্রকাশ্য হামলা শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত মোট ৫৫১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২৬৫টি ড্রোন মোকাবিলা করেছে।’’
এদিকে, একই দিনে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রোববার আবুধাবি থেকে দেশটির জলসীমায় প্রবেশ করা একটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে জাহাজটিতে সামান্য আগুন ধরে গেলেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় বলেছে, ‘‘রোববার সকালে আবুধাবি থেকে আসা পণ্যবাহী ওই বাণিজ্যিক জাহাজ মেসাইদ বন্দরের উত্তর-পূর্ব দিকে কাতারের জলসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে। এই ঘটনার ফলে জাহাজে সীমিত পর্যায়ে অগ্নিকা- ঘটলেও কেউ আহত হননি।’’
এর আগে, ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক একটি সংস্থা দোহার উত্তর-পূর্বাঞ্চলে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর দিয়েছে। এছাড়া কুয়েতের সামরিক বাহিনী রোববার ভোরের দিকে দেশটিতে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে।
দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক্সে দেওয়া এক বার্তায় বলেছেন, আজ ভোরে সশস্ত্র বাহিনী কুয়েতের আকাশসীমায় বেশ কিছু শত্রু ড্রোন শনাক্ত করেছে। এসব ড্রোনকে নির্ধারিত নিয়ম অনুযায়ী মোকাবিলা করা হয়েছে। তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি কুয়েত।
সূত্র: এএফপি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরান লিখেছে, ‘প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আলোচনার এই পর্যায়ের মূল লক্ষ্য হবে এই অঞ্চলের যুদ্ধ বন্ধ করা।’
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানকে এই নতুন প্রস্তাবটি দেয়।এরপর থেকে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন, তেহরানের জবাবের অপেক্ষায় আছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দেওয়া এই সর্বশেষ পরিকল্পনাটি মাত্র এক পাতার একটি প্রস্তাব, যেটিতে ১৪টি অনুচ্ছেদ রয়েছে। সূত্র: বিবিসি
শত্রু মোকাবিলায় নতুন নির্দেশনা ইরানের সর্বোচ্চ নেতার : ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দেশটির সামরিক কমান্ডার আলী আবদুল্লাহি সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে খামেনেই ইরানের সশস্ত্র বাহিনীর কর্মকা-ের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বিস্তারিত প্রকাশ না করে “নতুন নির্দেশনামূলক পদক্ষেপ” এবং “শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা অব্যাহত রাখার পথ” সম্পর্কে আলোচনা করেন।
তবে এসব পদক্ষেপের প্রকৃতি বা সম্ভাব্য কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রীয় গণমাধ্যমে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনেইকে জনসমক্ষে খুব কমই দেখা গেছে। তার বিভিন্ন বক্তব্য ও বার্তা মূলত রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে পাঠ করে শোনানো হয়েছে। সূত্র: আল-জাজিরা



