দুই পা ছাড়াই এভারেস্ট জয়

প্রবাহ রিপোর্ট : দুই পা হারিয়েও থামেননি রুস্তাম নাবিয়েভ। অদম্য ইচ্ছাশক্তি আর সাহসকে সঙ্গী করে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়েছেন এই রুশ পর্বতারোহী। কৃত্রিম পা ছাড়াই শুধুমাত্র দুই হাতের সাহায্যে এভারেস্টে পৌঁছে তিনি পা-বিহীন ব্যক্তি হিসেবে প্রথমবারের মতো এমন কীর্তি স্থাপন করলেন। শুক্রবার (২২ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, নেপালে চলমান বসন্তকালীন অভিযানে বুধবার (২০ মে) সকালে এভারেস্টের চূড়ায় পৌঁছান সাবেক রুশ প্যারাট্রুপার রুস্তাম নাবিয়েভ।
ঐতিহাসিক এই অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে একটি ছবি প্রকাশ করেন তিনি। সেখানে থাকা একটি প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘যারা মনে করেছিল পতনের পর জীবন শেষ, এটি তাদের জন্য। রুস্তাম নাবিয়েভ, এভারেস্ট ২০২৬।’
নিজের অনুভূতি জানাতে গিয়ে নাবিয়েভ লেখেন, ‘২০ মে সকাল ৮টা ১৬ মিনিটে, পর্বতারোহণের ইতিহাসে প্রথমবারের মতো আমি শুধুমাত্র দুই হাতের সাহায্যে এভারেস্টের চূড়ায় উঠেছি। যতক্ষণ জীবন আছে, ততক্ষণ লড়াই চালিয়ে যেতে হবে।’
এভারেস্ট বেস ক্যাম্পের মাঠ সমন্বয়কারী খিম লাল গৌতম আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে নাবিয়েভের সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফলভাবে শৃঙ্গ জয়ের পর নাবিয়েভ এখন বেস ক্যাম্পে ফিরছেন।
২০১৫ সালে একটি সামরিক ব্যারাক ভবন ধসে দুই পা হারান নাবিয়েভ। কিন্তু সেই দুর্ঘটনাই তার জীবন থামিয়ে দিতে পারেনি। বরং পুনরুদ্ধারের কঠিন পথ পাড়ি দিয়ে তিনি নিজেকে গড়ে তোলেন একজন অনুপ্রেরণাদায়ী পর্বতারোহী হিসেবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই অর্জন ঘিরে ব্যাপক প্রশংসা দেখা গেছে। কেউ লিখেছেন, ‘অসম্ভব বলে কিছু নেই, আপনি তা প্রমাণ করেছেন।’
আবার কেউ বলেছেন, ‘আপনার সাহস লাখো মানুষকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে।’



