জাতীয় সংবাদ
‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ নিয়ে ইরানি দূতাবাসের রসিকতা

প্রবাহ রিপোর্ট ঃ বাংলাদেশের নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চেহারার মিল থাকায় রসিকতা করে মহিষটির এ নাম রাখা হয়েছিল। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মাধ্যমে এই মহিষের খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি ইরানেরও নজর কেড়েছে। শনিবার (২৩ মে) রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে মহিষটির একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে ক্যাপশনে রসিকতা করে লেখা হয়েছে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।’ ইরানি দূতাবাস তাদের ওই পোস্টে রুশ সংবাদমাধ্যম আরটির একটি প্রতিবেদন যুক্ত করে দিয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করার পর উৎসুক মানুষের ভিড়ের কারণে মহিষটি খাওয়া-দাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছে।


