আমি কী পারি, সেটা ইন্ডাস্ট্রি জানে: আরিফিন শুভ

প্রবাহ রিপোর্ট ঃ মাঝে বিরতির পর আবারও রুপালি পর্দায় হাজির ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা আরিফিন শুভ। গেল ঈদুল আজহায় তার অভিনীত ‘মালিক’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরই ধারাবাহিকতায় হল পরিদর্শন, দর্শক প্রতিক্রিয়া জানা আর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়ক। এরই ফাঁকে নিজের অভিনয়জীবন, অর্জন, সিনেমা নিয়ে উপলব্ধি ও বর্তমান অবস্থানের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলাপ করেছেন শুভ। দীর্ঘ দুই দশকের পথচলার পর এখন আর নিজেকে নতুন করে প্রমাণ করার কিছু দেখেন না বলেও জানান তিনি। শুভ বলেন, ‘২০০৪ সালে ফ্যাশন শো দিয়ে শুরু। এরপর মডেলিং, রেডিও, টেলিভিশন, সিনেমা, ওটিটিÑসব জায়গায় কাজ করেছি। ভালো ফলও পেয়েছি। তাই নিজেকে প্রমাণ দেওয়ার মতো কিছু আছে বলে আমি মনে করি না।’ নিজ ক্যারিয়ারে কাজের বৈচিত্র্েযর উদাহরণ টেনে তিনি আরও বলেন, ‘ছুঁয়ে দিলে মন’-এর মতো রোমান্টিক সিনেমা, ‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্সট্রিম’-এর মতো অ্যাকশনধর্মী ছবি, এমনকি আন্তর্জাতিক অঙ্গনে ‘জ্যাজ সিটি’ সিরিজেও কাজ করেছেন তিনি। তাই একজন অভিনয়শিল্পী হিসেবে নিজের সক্ষমতা নিয়ে তার কোনো সংশয় নেই বলে দাবি করেন অভিনেতা। তার ভাষ্য, ‘আমি কী পারি, সেটা ইন্ডাস্ট্রি জানে। এখন ইন্ডাস্ট্রি যদি আমার কাছে না আসে, আমি ইন্ডাস্ট্রির কাছে যেতে পারব না।’ উল্লেখ্য, এর আগে ‘মুজিব’ সিনেমাকে ঘিরে আলোচনা, রাজনৈতিক বিতর্ক এবং ব্যক্তিগত জীবনের নানা চর্চার পর আরিফিন শুভ এখন পুরোপুরি কাজের মধ্যেই ব্যস্ত আছেন। সম্প্রতি ভারতে আন্তর্জাতিক প্রজেক্ট ‘জ্যাজ সিটি’-তে তার কাজ নিয়েও বেশ আলোড়ন ওঠে।



