নতুন পে-স্কেলের সঙ্গে মিল রেখে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়বে

প্রবাহ রিপোর্ট ঃ সরকারের নতুন পে-স্কেল বাস্তবায়ন কৌশলের সাথে সামঞ্জস্য রেখে ইন্টার্ন এবং পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের বর্তমান প্রদত্ত ভাতা আনুপাতিক হারে বৃদ্ধি করা হবে। সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সভা থেকে যৌথ এ ঘোষণা দেয়া হয়।
এর আগে সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধি দলের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে যে সকল বিষয়ে একমত সকলে হন, সেগুলো হচ্ছে ঃ ১/ এফসিপিএস পার্ট ১, এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ হলে সকল বেসরকারী প্রশিক্ষণার্থী ভাতা প্রাপ্য হবেন। এবং এই ভাতা প্রতি মাসে পরিশোধ করা হবে। ২/ সরকারের নতুন পে-স্কেল বাস্তবায়ন কৌশল এর সাথে সামঞ্জস্য রেখে ইন্টার্ণ এবং পোস্ট গ্রাজুয়েট ডাক্তারদের বর্তমান প্রদত্ত ভাতা আনুপাতিক হারে বৃদ্ধি করা হবে। ৩/ স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পদ্ধতি অনুসরণ করে স্টেকহোল্ডারদের সাথে পরামর্শক্রমে বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। ৪/ বিসিএস স্বাস্থ্য ক্যাডার এর চাকুরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করার জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করা হবে। ৫/ বিসিপিএস এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা হবে। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় হতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। ৬/ বেসরকারী হাসপাতাল/ক্লিনিক/মেডিকেল কলেজে এন্ট্রি লেভেলে কর্মরত চিকিৎসকদের একটি সম্মানজনক বেতন কাঠামো তৈরির ক্ষেত্রে অংশীজনের সাথে আলোচনা করে কার্যকর উদ্যোগ নেয়া হবে। উপরোক্ত সিদ্ধান্তসমূহ সাত কর্মদিবসের মধ্যে বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধি দল চলমান কর্মবিরতি ও ওয়ার্ড এবং ক্লাস বর্জন কর্মসূচী প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেন।



