চলন্ত মোটরসাইকেলচালকের মাথায় ইট দিয়ে আঘাত: গ্রেপ্তার আরও ২

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর কাফরুলে চলন্ত মোটরসাইকেলচালকের মাথায় ইট ছুড়ে গুরুতর আহত করার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজের রহস্যও উদঘাটন করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন– মো. পারভেজ (৩০) ও আনোয়ার হোসেন বাবু (৩২)। এর আগে গত বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলচালকের মাথায় ইটের আঘাতের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে (২৭) গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১২ জুন) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ১০ জুন রাত আনুমানিক ১টা ২০ মিনিটে কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের ১০০ গজ পূর্ব পাশে ইব্রাহিমপুর পাকা সড়কে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে রাফি নামে এক যুবকের মাথার ডান পাশে ইট দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হয়ে মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান। ঘটনার পরপরই অভিযুক্তরা আহত রাফিকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় রাফির চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। চলন্ত মোটরসাইকেলচালকের মাথায় ইট দিয়ে আঘাত ঃ ডিসি এন এম নাসিরুদ্দিন বলেন, মামলার তদন্তে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে চারজনকে শনাক্ত করা হয়। তারা হলেন– মো. পারভেজ, মো. ফয়সাল ওরফে কালু, আনোয়ার হোসেন বাবু ও আমিন। তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার কাফরুল থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে পারভেজকে গ্রেপ্তার করে। একইদিন অপর একটি দল ইব্রাহিমপুর এলাকা থেকে আনোয়ার হোসেন বাবুকে গ্রেপ্তার করে। এছাড়া ঘটনাস্থলের কাছাকাছি স্থান থেকে ভিকটিমের মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, পারভেজ আগে ভিকটিম রাফির বাসায় ভাড়া থাকতেন। সেই সূত্রে তাদের পরিচয় হয়। পারভেজ ও তার সহযোগীরা এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে রাফির সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। পুলিশ জানায়, গত ৯ জুন সন্ধ্যায় রাফির সঙ্গে পারভেজ ও কালুর কথা কাটাকাটি হয়। এর জেরে তারা রাফিকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরদিন গভীর রাতে পারভেজ, কালু, বাবু ও আমিন পূর্ব শেওড়াপাড়ায় অবস্থান নেয়। রাফি মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছালে আমিন তার গতিরোধের চেষ্টা করে। মোটরসাইকেল না থামালে পারভেজ ইট দিয়ে তার মাথায় আঘাত করে। ঘটনার পর অভিযুক্তরা ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। তারা আশপাশের লোকজনকে জানায়, ওপর থেকে ইট পড়ে রাফি আহত হয়েছেন। পরে আহত রাফিকে অটোরিকশায় করে নিয়ে ইব্রাহিমপুর এলাকায় ফেলে রেখে চলে যায় তারা। পুলিশ জানায়, গ্রেপ্তার পারভেজ ও ফয়সাল ওরফে কালুর বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



