স্থানীয় সংবাদ

মানব জীবনে সফলতার জন্য বাইয়াতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য —অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি

# খুলনা মহানগরী জামায়াতের দিনব্যাপী ইউনিট সভাপতি শিক্ষাশিবির #

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেছেন, বাইয়াত বা শপথ ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। মানব জীবনে সফলতার জন্য বাইয়াতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বাইয়াত বিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। রুকনরাই এই সংগঠনের প্রাণ। একজন রুকন হিসেবে আমাদের পরিপূর্ণভাবে আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করতে হবে, বিনয়ের সাথে পথ চলতে হবে, আমিত্ব পরিত্যাগ করতে হবে। ইকামাতে দ্বীনের কাজ একটি ফরজ ইবাদত। ইকামাতে দ্বীনের কাজকে আঞ্জাম দেওয়ার জন্য জামায়াতের সদস্যদের (রুকন) তাদের কৃত শপথের আলোকে জীবন পরিচালনা করতে হবে। তিনি বলেন, আল কুরআন নাজিল করা হয়েছে মানবজাতির হেদায়াতের জন্য। আমাদের জীবনে উত্থান-পতন, সফলতা-বিফলতা, বিপদ-আপদ অনেক কিছুই আসবে, এসব ধৈর্য্যের সাথে মোকাবেলা করে আল্লাহর গোলাম হবার জন্য চেষ্টা করতে হবে। ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে আমাদেরকে আনুগত্যের সর্বোচ্চ নজির স্থাপন করতে হবে। যেকোনো কঠিন পরিস্থিতেও ইকামাতে দ্বীনের কাজে সক্রিয় থেকে ইসলামের বিজয়কে তরান্বিত করতে হবে। খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে শুক্রবার (৩ জুলাই) দিনব্যাপী ইউনিট সভাপতি (নন রুকন) শিক্ষাশিবির-২০২৬ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য আবুল কালাম আজাদ এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নড়াইল জেলা আমীর মো. আতাউর রহমান বাচ্চু এমপি। শিক্ষাশিবিরে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম। অন্যান্যের মধ্যে মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম, ড. আবু রুবাবা, মোহাম্মদ আব্দুল গফুর, মাওলানা শাহারুল ইসলাম, শেখ মোহাম্মদ অলিউল্লাহ, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহীদুল ইসলাম, দৌলতপুর থানা আমীর মোশাররফ আনসারী, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম প্রমুখ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, আন্দোলনের শপথের জনশক্তিদের নিয়ে এই প্রশিক্ষণ প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে, সংগঠনের পরিকল্পনা বাস্তবায়নের যোগ্যতা সম্পন্ন কর্মী হিসেবে গড়ে তোলা। নিজেদেরকে একজন পরিপূর্ণ মুসলিম হিসেবে আল্লাহর সন্তুষ্টির উপযোগী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালানো। আল্লাহর দেওয়া বিধানের সাথে আমাদের সম্পর্ক যতো মজবুত হবে ইকামতে দ্বীন বিজয়ের কাজ ততো সহজ হয়ে উঠবে। সংগঠনকে শক্তিশালী ও বিজয়ী আন্দোলনে পরিণত করতে নিজেদের গণমুখি চরিত্রকে উদ্ভাসিত করতে হবে। ঢাকা মহানগরী দক্ষিণকে ইসলামী আন্দোলনের রাজধানীতে পরিণত করতে মহানগরীর প্রতিটি পাড়া মহল্লায় সংগঠনকে সম্প্রসারণ ও মজবুত করতে হবে। নিজেদের পরিশুদ্ধ করে জান-মালের কুরবানীর মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের প্রচেষ্টা চালাতে হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button