স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে হামে ২৯ জনের মৃত্যু : সবচেয়ে বেশি প্রাণহানি কুষ্টিয়ায়

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। পরিচালক (স্বাস্থ্য) দপ্তর, খুলনা বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত বিভাগে মোট ৭ হাজার ৩৩০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৯৯ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৮৯০ জন রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ৬ হাজার ৬৪৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
শনিবার (৪ জুলাই) সকালে স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা: শেখ মোশারফ হোসেনের স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ পর্যন্ত খুলনা বিভাগে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৩ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। এছাড়া খুলনা জেলায় ১২ জন, ঝিনাইদহ জেলায় দুইজন, মেহেরপুর জেলায় একজন এবং চুয়াডাঙ্গা জেলায় একজনের মৃত্যু হয়েছে।
জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, কুষ্টিয়া জেলায় সবচেয়ে বেশি ২ হাজার ২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এছাড়া খুলনা জেলায় ১ হাজার ৬০ জন, নড়াইল জেলায় ৯৯১ জন, উপকূলীয় এলাকায় ৭৯৩ জন, ঝিনাইদহ জেলায় ৫৮২ জন, মেহেরপুর জেলায় ৪৯৫ জন, যশোর জেলায় ৪৩২ জন, চুয়াডাঙ্গা জেলায় ৪২১ জন, সাতক্ষীরা জেলায় ২০৩ জন এবং বাগেরহাট জেলায় ৪২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৫৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ৪৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৪৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক বা নিশ্চিত হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button