স্থানীয় সংবাদ

খুলনা রেলস্টেশনে কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার ঃ খুলনা রেলস্টেশন থেকে প্রায় এক কোটি ১৫ লাখ টাকা মূল্যের তিনটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে স্টেশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মাসুদ মোল্লা। তিনি নড়াইল জেলার নড়াগাতি এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। রেলওয়ে পুলিশ জানায়, সকালে স্টেশনে সন্দেহজনকভাবে অবস্থান করায় মাসুদ মোল্লাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বর্ণ বহনের বৈধ কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তিনি দাবি করেন, ঢাকা থেকে খুলনায় এসে ট্রেনে নড়াইল যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তার বক্তব্য ও উদ্ধার হওয়া স্বর্ণের উৎস নিয়ে সন্দেহ রয়েছে পুলিশের।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আগেও একটি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করতে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস)-এ অনুসন্ধান চালানো হচ্ছে। মামলাটি স্বর্ণ চোরাচালান বা এ ধরনের অপরাধসংক্রান্ত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি উদ্ধার হওয়া স্বর্ণের প্রকৃত উৎস, সম্ভাব্য চোরাচালান চক্র এবং এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তল্লাশির পুরো প্রক্রিয়ার ভিডিওচিত্রও সংরক্ষণ করা হয়েছে। খুলনা রেলস্টেশনের অফিসার ইনচার্জ (ওসি) মো. সেতু সালাম খান বলেন, “তিনটি স্বর্ণের বারসহ মাসুদ মোল্লাকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা। আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button