দিনভর পানির নিচে ঢাকা

প্রবাহ রিপোর্ট ঃ ঢাকার অলিগলি থেকে প্রধান সড়ক-সবখানেই পানি। জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছিল রাজধানী ঢাকা। গত রাত থেকে গতকাল (রোববার) বিকেল পর্যন্ত মুষলধারে বৃষ্টি কার্যত অচল করে দিয়েছে রাজধানী ঢাকাকে। এমন বৃষ্টির প্রভাবে বলতে গেলে দিনভর পানির নিচে ছিল রাজধানী ঢাকা। নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট এই টানা বর্ষণে বিরতিহীনভাবে আকাশে মেঘের গর্জনের সঙ্গে পাল্লা দিয়ে ঝরেছে বৃষ্টি, আর তাতেই সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানী কার্যত ডুবে গেছে পানির নিচে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে। সড়কে জলাবদ্ধতার মধ্যে শিশুকে পিঠে নিয়ে হাঁটছেন এক নারী, অন্যদিকে রিকশায় মোটরসাইকেল পরিবহন করছেন চালক। টানা বর্ষণে নগরজীবনে নেমে আসে চরম দুর্ভোগ । বাদ যায়নি রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী ও বারিধারাও। বিরতিহীন এই বৃষ্টিতে মোহাম্মদপুরের একাংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেটমুখী নতুন সড়ক, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, শনির আখড়া, পুরান ঢাকার বংশাল ও নাজিমউদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, কালশী, হাতিরঝিলের একাংশ, গুলশান লেকপাড়, কালাচাঁদপুর এবং বারিধারার সংযোগ সড়কসহ রাজধানীর অসংখ্য সড়ক ও অলিগলিতে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। জলাবদ্ধতার পানিতে অনেক বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল বিকল হয়ে পড়েছে রাস্তায়। কয়েকটি এলাকায় সিএনজি ও গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় চালকদের ঠেলে নিয়ে যেতে দেখা গেছে। রিকশা ও ভ্যানচালকরা বাড়তি ভাড়া হাঁকলেও পানি বেশি থাকায় অনেক রাস্তায় তারাও চলাচল করতে পারেননি। দোকানপাটে পানি ঢুকে মালামাল নষ্টের শঙ্কায় ব্যবসায়ীরা তড়িঘড়ি করে জিনিসপত্র উঁচু জায়গায় সরিয়ে রেখেছেন।



