জাতীয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পরীক্ষা পেছানোর দাবিতে রংপুরে বিক্ষোভ

প্রবাহ রিপোর্ট ঃ বন্যার পরিস্থিতির সার্বিক উন্নতি না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে রংপুরে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষার্থীদের কটাক্ষ করে বক্তব্য দেওয়া ও প্রশ্নপত্রে ভুল থাকায় দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মোড় থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত পরীক্ষার্থী জড়ো হয়ে বৈরী আবহাওয়ার মাঝে পরীক্ষা নেওয়ার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এসময় শিক্ষার্থীরা দায়িত্বে অবহেলার কারণে শিক্ষাবোর্ডের কর্মকর্তাসহ শিক্ষামন্ত্রীর পদত্যাগের জোরালো দাবি জানান। এরপর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুলের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থী আবিদ হাসান, বন্নি আক্তার, নুরজাহান খাতুন, আনিছুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানান, দেশে কয়েকদিন ধরে বন্যা, পাহাড় ধসের ঘটনা ঘটলেও এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে। পরীক্ষার্থীরা কোমড়সমান পানি মাড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা দিতে গিয়েছে। অভিভাবকরা তাদের সন্তানদের জন্য অর্ধবেলা পানিতে দাঁড়িয়ে ছিল। এমন অবর্ণনীয় কষ্টের মাঝে কীভাবে শিক্ষামন্ত্রী, সচিব, উপ-সচিবরা পরীক্ষা চালু রাখে এটা আমাদের বোধগম্য হচ্ছে না।
তারা অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের নিয়ে উপহাস করা হচ্ছে। কষ্টগুলো তুচ্ছ তাচ্ছিল্য করে উল্টো শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে কটাক্ষ করা হচ্ছে। হাসিনা রাজাকার বলেছিল আর এখনকার মন্ত্রী বলছে ফার্মের মুরগি, এটা দুঃখজনক ও নিন্দনীয় আচরণ। শেখ হাসিনা বড় ফ্যাসিস্ট ছিল, তিনিও শিক্ষার্থীদের সাথে পাড়েন নাই। বর্তমান শিক্ষামন্ত্রীও পারবেন না। তাই দ্রুত এইচএসসি পরীক্ষা স্থগিত করাসহ শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে। শিক্ষার্থীদের কোনো ভয়ভীতি দেখিয়ে আন্দোলন দমানো যাবে না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button