হামাসের নতুন প্রধান খলিল আল-হাইয়া

প্রবাহ রিপোর্ট ঃ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস তাদের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে খলিল আল-হাইয়ার নাম ঘোষণা করেছে। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি। ২০২৪ সালে গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে টানা দুই বছরব্যাপী পূর্ণমাত্রার যুদ্ধে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন হামাসের তৎকালীন প্রধান ইয়াহিয়া সিনওয়ার। তার স্থলাভিষিক্ত হলেন আল-হাইয়া। গাজাভিত্তিক হামাসের নির্বাসিত প্রধান এবং সংগঠনটির শীর্ষ আলোচক হিসেবে দায়িত্ব পালন করা খলিল আল-হাইয়া, ইয়াহিয়া সিনওয়ার ও ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর থেকে হামাসের নেতৃত্বে ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে ইরানে নিহত হন হানিয়া। বার্তা সংস্থা রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের একটি হামলায় যেসব শীর্ষ হামাস নেতাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, তাদের মধ্যে খলিল আল-হাইয়াও ছিলেন।



