ইহুদিদের ধর্মীয় শোক দিবসে আল-আকসায় অনুপ্রবেশ : উত্তেজনা

প্রবাহ রিপোর্ট ঃ অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করেছেন ৪ হাজার ২৮৮ জন ইসরায়েলি বসতি স্থাপনকারী ও কট্টর ডানপন্থি গোষ্ঠীর সদস্য। ইহুদিদের ধর্মীয় শোক দিবস ‘তিশা বাব’ উপলক্ষে সংঘটিত এ ঘটনাকে চলতি বছরের অন্যতম বড় অনুপ্রবেশ বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তার উপস্থিতিকে কেন্দ্র করে বিপুলসংখ্যক ইসরায়েলি বসতি স্থাপনকারীও মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। ইহুদি ধর্মাবলম্বীরা প্রাচীন জেরুজালেমে প্রথম ও দ্বিতীয় পবিত্র মন্দির ধ্বংসের স্মরণে ‘তিশা বাব’ পালন করে। তাদের বিশ্বাস, ওই মন্দির বর্তমান আল-আকসা মসজিদ প্রাঙ্গণেই অবস্থিত ছিল, যা তাদের কাছে ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত। জেরুজালেম গভর্নরেটের ফিলিস্তিনি প্রশাসনের তথ্য অনুযায়ী, আল-আকসা প্রাঙ্গণে প্রবেশকারী ইসরায়েলির সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২৮৮ জনে। তাদের দাবি, এমন ঘটনা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে নজিরবিহীন। ফিলিস্তিনি কর্মকর্তাদের অভিযোগ, আল-আকসার প্রবেশপথগুলোতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি বাহিনী। এতে বহু মুসল্লি, সাধারণ ফিলিস্তিনি ও শিক্ষার্থীকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি। পাশাপাশি কয়েকজনের ওপর হামলার অভিযোগও উঠেছে। আল-জাজিরার এক প্রতিবেদক জানিয়েছেন, জেরুজালেমের পুরোনো শহরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বয়স্কদের ছাড়া অধিকাংশ ফিলিস্তিনির আল-আকসায় প্রবেশ সীমিত রাখা হয়েছে। একই সঙ্গে পূর্ব জেরুজালেম, কালান্দিয়া ও আশপাশের বিভিন্ন তল্লাশিচৌকিতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। জেরুজালেম গভর্নরেটের দাবি, প্রাঙ্গণে প্রবেশের পর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তালমুদিক ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। তারা গান গেয়েছেন, মাটিতে নত হয়ে প্রার্থনা করেছেন এবং বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পুলিশ এক হাজারের বেশি ইসরায়েলিকে আল-আকসা প্রাঙ্গণে প্রার্থনার সুযোগ দিয়েছে। ফিলিস্তিনি পক্ষের দাবি, এটি ১৯৬৭ সালের ‘স্ট্যাটাস কু’ ব্যবস্থার লঙ্ঘন। ওই ব্যবস্থাপনা অনুযায়ী, অমুসলিমরা আল-আকসা প্রাঙ্গণ পরিদর্শন করতে পারলেও সেখানে কোনো অমুসলিমের আনুষ্ঠানিক প্রার্থনার অনুমতি নেই।



