স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু : নতুন ভর্তি ৪৮

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ মৃত্যুর ঘটনাটি ঘটেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।
শনিবার (২৫ জুলাই) পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর, খুলনা বিভাগের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগ পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ২৪ জন, খুলনা জেলায় ১৫ জন এবং বাগেরহাটে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বিভাগের অন্য সাতটি জেলাÑচুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরায় নতুন কোনো রোগী ভর্তি হয়নি।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত খুলনা বিভাগে মোট ১ হাজার ৭৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৫০৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২০২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন এবং বাগেরহাট জেলায় ১ জন মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ বাড়ার আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button