ভিনিসিয়ুসকে কিনতে আগ্রহী আর্সেনাল : ১৬০ মিলিয়ন ইউরো চায় রিয়াল

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ সান্তিয়াগো বার্নাব্যুয়ে ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের বিশাল ট্রান্সফার ফি নির্ধারণ করেছে রিয়াল মাদ্রিদ। সম্প্রতি প্রিমিয়ার লিগ শিরোপা জেতা আর্সেনাল পরিস্থিতির ওপর তীক্ষè নজর রাখছে। তবে রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সুপারস্টার উইঙ্গারকে পেতে হলে যেকোনো ক্লাবকে মোটা অঙ্কের অর্থ গুণতে হবে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-এর প্রতিবেদন অনুযায়ী, চলতি গ্রীষ্মকালীন দলবদলে ভিনিসিয়ুসকে বিক্রি করার ক্ষেত্রে ফ্লোরেন্তিনো পেরেস একটি কঠিন আর্থিক শর্ত নির্ধারণ করেছেন। রিয়াল মাদ্রিদ স্পষ্ট জানিয়েছে, এই ২৬ বছর বয়সী তারকাকে ছাড়তে হলে মূল ফি ও পারফরম্যান্স-ভিত্তিক শর্ত মিলিয়ে মোট ১৬০ মিলিয়ন ইউরোর প্যাকেজ প্রস্তাব করতে হবে। ২৬ বছর বয়সী বিশ্বসেরা এই ফরোয়ার্ডকে সুযোগসন্ধানী ক্রেতাদের হাত থেকে রক্ষা করা এবং তার বাজারমূল্য বজায় রাখার জন্যই এমন চড়া দাম হাঁকা হয়েছে। ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি থাকায় এত বড় মাপের খেলোয়াড়কে বড় অঙ্কের ক্ষতিপূরণ ছাড়া ছাড়তে নারাজ রিয়ালের নীতিনির্ধারকেরা। তারা চান ভিনিসিয়ুস ক্লাবেই থাকুক, তবে সাম্প্রতিক সময়ে চুক্তি নবায়ন সংক্রান্ত আলোচনায় কাক্সিক্ষত অগ্রগতি না হওয়ায় তারা ট্রান্সফার মার্কেট মূল্যায়ন করতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে, প্রিমিয়ার লিগজয়ী স্কোয়াডে বিশ্বমানের শক্তি যোগ করতে চান আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা। তিনি নিজেই ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে উত্তর লন্ডনে আনার পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছেন। যদিও গানার্সরা ইতোমধ্যে ক্রিস্টোস জোরিসকে দলে ভিড়িয়েছে, তবুও গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারের পর আরতেতা স্কোয়াডে আরও বড় তারকা ভেড়ানোর জন্য ক্লাবের প্রতি তাগিদ দিয়েছিলেন। এমিরেটস কর্তৃপক্ষের আগ্রহ স্পষ্ট হলেও চুক্তিটি এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ হয়নি। প্রতিবেদন অনুযায়ী, ভিনিসিয়ুস রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করবেন না; এমন কোনো সুনির্দিষ্ট বার্তা পেলেই কেবল রেকর্ড ভাঙা বিড করার জন্য অপেক্ষা করছে আর্সেনাল। এই ট্রান্সফার নাটকের পেছনে মূল কারণ হলো ভিনিসিয়ুসের বেতন এবং দলে তার অবস্থান নিয়ে চলতে থাকা মনস্তাত্ত্বিক টানাপোড়েন। গুঞ্জন রয়েছে, ভিনিসিয়ুস কিলিয়ান এমবাপ্পের কাছাকাছি মানের বেতন দাবি করছেন, যা ক্লাবের বিদ্যমান পে-স্ট্রাকচারের সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ বিশ্বকাপের পর দুই পক্ষই এক চূড়ান্ত বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছে, তবে বর্তমানে দুই পক্ষের সম্পর্কের পরিবেশ বেশ উত্তপ্ত। বিশ্বকাপের পর হতে যাওয়া এই বৈঠকে যদি কোনো সমাধান না আসে, তবে চুক্তির মেয়াদ কমে গিয়ে খেলোয়াড়ের বাজারমূল্য কমে যাওয়ার আগেই আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে চিন্তা করতে বাধ্য হবে রিয়াল মাদ্রিদ।



