স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৪ : নতুন মৃত্যু নেই

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৪ জন রোগী বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর, খুলনা বিভাগ থেকে প্রকাশিত সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খুলনা বিভাগ পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩৪ জনের মধ্যে বাগেরহাটে ৮ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, খুলনা জেলায় ৫ জন, যশোরে ৪ জন, মাগুরায় ৩ জন, মেহেরপুরে ৩ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং কুষ্টিয়ায় ১ জন ভর্তি হয়েছেন। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল ও সাতক্ষীরা জেলায় নতুন কোনো রোগী ভর্তি হয়নি।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত খুলনা বিভাগে মোট ১ হাজার ৭৭৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৫৪৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৯৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত ২৪ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
জেলাভিত্তিক মোট আক্রান্তের সংখ্যায় বাগেরহাটে সর্বোচ্চ ৫৯৩ জন, এরপর খুলনা জেলায় ৩৫২ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩০ জন ভর্তি হয়েছেন। এছাড়া যশোরে ২০২, নড়াইলে ৯৮, মাগুরায় ৬২, কুষ্টিয়ায় ৪৬, মেহেরপুরে ৪৫, ঝিনাইদহে ২৫, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯, সাতক্ষীরা জেলায় ৫ এবং চুয়াডাঙ্গায় এখনো কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button