স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে শনাক্ত ৪১ জন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে হাম (মিজলস) পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ২৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ সময় সন্দেহজনক বা নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের ২৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খুলনা বিভাগ পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন জেলায় মোট ৪১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ২৬ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে সন্দেহজনক কিংবা নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৮ হাজার ৪১১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পরীক্ষায় ৩৩৫ জনের হাম নিশ্চিত হয়েছে।
এ সময়ে মোট ৭ হাজার ৯৬২ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৭০০ জন। এছাড়া এ পর্যন্ত সন্দেহজনক হামে ৩৩ জনের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত কুষ্টিয়ায় ২ হাজার ১৬৩ জন, খুলনায় ১ হাজার ৩২৫ জন, মাগুরায় ১ হাজার ১৮১ জন, যশোরে ৮২৭ জন, ঝিনাইদহে ৭০৬ জন, মেহেরপুরে ৫৫৭ জন, নড়াইলে ৫২১ জন, চুয়াডাঙ্গায় ৪৭৬ জন, বাগেরহাটে ৪৩৬ জন এবং সাতক্ষীরায় ২১৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। তাই শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি রোগটির বিস্তার রোধে বিভাগজুড়ে নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button