স্থানীয় সংবাদ

সারাদেশের ৫০ শয্যার হাসপাতালগুলো ১০১ শয্যায় উন্নীত করা হবে- স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

# তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড #

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ ‎স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) বলেছেন, জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন। যেকারনে মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। তিনি বলেন, অতীতের অজুহাত দিয়ে আর লাভ নেই, আমরা সারা বাংলাদেশের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমরা চাই না কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা যাক। যা আছে, তা দিয়েই গরিব মানুষের সেবা নিশ্চিত করতে চাই। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশের ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। যেখানে আধুনিক ল্যাব,নারী-পুরুষের আলাদা ফিজিওথেরাপি সেন্টার,ব্রেস্ট ফিডিং কর্ণার, এক্স-রে কর্ণার সহ অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা থাকবে।
রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে তালা হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ-সব কথা বলেন। এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী তালা হাসপাতালের একজন আবাসিক ডাক্তার এবং একজন কর্মচারীকে অনুমোদিত অনুপস্থিতি এবং দায়িত্বে অবহেলার কারনে সাসপেন্ড করার নির্দেশ দেন।
‎এদিন সকালে আকস্মিক তালা হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্য মন্ত্রী শুরুতেই হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান পরীক্ষা করেন। এরপর তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার মান, পরিচ্ছন্নতা, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, ওষুধের মেয়াদ, হাসপাতালের অবকাঠামোগত অবস্থা, চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতাকর্মীর সংকটসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
‎এ সময় মন্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই সঙ্গে ৯ টি এসির আউটডোর চুরি হওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে হাসপাতালের নাইটগার্ড মোস্তফাকে তাৎক্ষণিক বরখাস্ত ও বিভাগীয় মামলা রুজু করার নির্দেশ প্রদান করেন। এছাড়া হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নানজীবা ত্বন্বী দীর্ঘদিন অনুমতি ছাড়া হাসপাতালে অনুপস্থিত থাকার কারণে তাকে সাসপেন্ড করে নতুন চিকিৎসক প্রেরণের নির্দেশ প্রদান করেন। এ সময় উপস্থিত জনসাধারণ চিকিৎসক সংকটের কথা মন্ত্রীকে জানালে মন্ত্রী চিকিৎসক সংকটের কথা স্বীকার করে বলেন, শীঘ্রই বিশেষ ব্যবস্থার মাধ্যমে সারাদেশে ৫ হাজার চিকিৎসক ও ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
‎মন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের সময় তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা সাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল হক লিটু,ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রীর আকস্মিক তালা হাসপাতাল পরিদর্শনের খবরে হাসপাতাল এলাকায় উৎসুক জনতার ভিড় জমে।
‎এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, মাননীয় স্বাস্থ্য মন্ত্রী তালা হাসপাতাল পরিদর্শনকালে তাঁর নিকট হাসপাতালের জন্য একটি ডিজিটাল এক্সরে মেশিনসহ জরুরী ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তার পদায়নের দাবী জানালে তিনি তা পূরনের আশ্বাস দেন। এছাড়া তিনি হাসপাতালের এসির আুটডোর চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ প্রহরী মোস্তফা এবং অনুমোদিত অনুপস্থিতির কারণে মেডিকেল অফিসার ডা. তন্বিকে সাসপেন্ডের নির্দেশ দেন।
‎হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী সাতক্ষীরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button