স্থানীয় সংবাদ

বাগেরহাটে আইনজীবী হত্যার ঘটনায় স্ত্রীর মামলা হত্যাকারীদের গ্রেপ্তার দাবি আইনজীবী সমিতির

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটে নিজাম উদ্দীন শান্ত নামে এক আইনজীবী খুনের ঘটনায় হত্যা মামলা হয়েছে। শনিবার রাতে নিহতের স্ত্রী স্বপ্না আক্তার বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে বাগেরহাট সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রবিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত এই হত্যাকান্ডের সাথে জড়িতদের পুলিশ সানক্ত বা গ্রেপ্তার করতে পারেনি। ২৪ ঘন্টার বেশি সময় পার হলেও আইনজীবী নিজামের হত্যাকান্ডের কারন পুলিশ এখনো জানতে পারেনি। আইনজীবী নিজামের হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য সাবেক সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন, আইনজীবী নিজাম সমিতির সদস্য ছিলেন। তাকে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করেছে। পুলিশ এই হত্যাকান্ডে জড়িতদের শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার করবে সেই দাবি জানাচ্ছি। বাগেরহাট সদর মডেল থানার ওসি শামসুল আরেফিন বলেন, আইনজীবী নিজাম হত্যার ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তার বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যার কারন ও কারা জড়িত তাদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। কারা কি কারনে এই আইনজীবীকে হত্যা করল তা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে খুব দ্রুত এই হত্যাকান্ডের কারন ও কারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারব বলে আশা করছি। উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে আইনজীবী নিজাম উদ্দীন শান্তকে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পথরোধ করে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে। নিজাম উদ্দীন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের মৃত তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button