স্থানীয় সংবাদ

ডিবি হেফাজতে ছয় সমন্বয়ক, আন্দোলনকারিদের আশার আলো দেখান রিফাত রশিদের ঘোষণা

জুলাই আন্দোলনের দিনগুলি-২৭

এম সাইফুল ইসলাম ঃ চব্বিশের ২৭ জুলাই কারফিউ জারির অষ্টম দিন চলছিলো। এর আগের দিন ২৬ জুলাই তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও বাকেরকে তুলে নিয়ে যায় ডিবি। পরদিন নতুন করে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকেও তুলে নিয়ে যাওয়া হয়। এই ৫ সমন্বয়ককে তুলে নেয়াকে নিরাপত্তা হেফাজত বলে দাবি করেছিলেন তৎকালীন ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। এদিকে, দেশজুড়ে তখন গণগ্রেফতার চলছে। মাত্র কয়েকদিনে সারাদেশে কয়েক হাজার আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়। বেছে বেছে আন্দোলনে অংশ নেয়াদের চিহ্নিত করা হচ্ছিলো। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কৌশলটি ধরতে পরে সেদিন বিকেলেই সংবাদ সম্মেলন করে বাইরে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সেই সংবাদ সম্মেলনে ৫ সমন্বয়কের মুক্তি, মামলা প্রত্যাহারসহ ৩ দফা দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় আন্দোলনকারীরা। এমন কিছু যে ঘটতে পারে, তা আগেই আঁচ করতে পেরেছিল সমন্বয়করা। এই সংবাদ সম্মেলনের পর থেকেই প্ল্যান-বি প্রয়োগ করে তারা। তৎকালীন সমন্বয়ক রিফাত রশিদ বলেন, মাঠে যেই থাকবে সেই আন্দোলনে নেতৃত্ব দিবে এমনটা আসিফ আগেই বলেছিল। জোর করে বিবৃতি দেয়ানো হতে পারে এমনটা আগেই ধারণা করা হয়েছিল। বলা হয়েছিল কেউ বিবৃতি দিলেও আন্দোলন চলবে।
এরকম পরিস্থিতির একদিন পরই বষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদের ফেসবুক স্টাটাসে আশার আলো খুজে পায় আন্দোলনকারিরা।
৯ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনকে বেগবান রাখতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ।

২৮ জুলাই নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি লেখেন, এই মুহূর্তে আন্দোলনের বাইরে বাকি যত ইস্যু আসবে সব ডেস্ট্রাকশন, সবই আন্দোলন থেকে নজর অন্যদিকে সরানোর কৌশল। তাই সবাই আন্দোলন ও দাবি আদায়ের দিকে ফোকাস করুন। সকাল থেকেই এসব এলাকায় পুলিশ মোতায়েন করতে দেখা গেছে। পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হেলিকপ্টারের টহলও দেখা গেছে। সেনাবাহিনীর সদস্যদেরও রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে।

এর মাঝেই রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জায়গায় আজ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাজধানীর মিরপুর ১০, ইসিবি চত্বর ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে দুপুরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ইসিবি চত্বরে জড়ো হওয়া একদল বিক্ষোভকারীকে লাঠিপেটা করে পুলিশ সরিয়ে দিয়েছে। এছাড়া চট্টগ্রাম ও বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button