স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে আরও ৬৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি : মৃত্যু নেই

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর, খুলনা বিভাগের ২৭ জুলাই ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগ পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জনে। এ সময়ে ডেঙ্গুতে মোট ৮ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ১৯ জন রোগী ভর্তি হয়েছেন বাগেরহাটে। এছাড়া যশোরে ১৭ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, খুলনা জেলায় ১০ জন, ঝিনাইদহ, কুষ্টিয়া, নড়াইল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন করে রোগী ভর্তি হয়েছেন। চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর ও সাতক্ষীরা জেলায় নতুন কোনো রোগী ভর্তি হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ৬২৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮৩ জন ডেঙ্গু রোগী। এছাড়া এ পর্যন্ত ২৪ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পরিষ্কার পানি অপসারণ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button