খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের সন্দেহজনক হাম শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৩২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বুধবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা ও কুষ্টিয়া জেলায় ৭ জন করে, নড়াইলে ৪ জন এবং চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও সাতক্ষীরায় ২ জন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। বাগেরহাট, যশোর ও মেহেরপুরে নতুন কোনো সন্দেহজনক রোগী পাওয়া যায়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ ২০২৬ থেকে ২৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৮ হাজার ৫৩২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৮ হাজার ৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৭ হাজার ৮৬৭ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে বিভাগে সন্দেহজনক হামে মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে বিভাগে ৩৩৬ জনের হাম নিশ্চিত হয়েছে। তবে নিশ্চিত হামে এখন পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। স্বাস্থ্য বিভাগ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী হাম-রুবেলা (এমআর) টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।



