স্থানীয় সংবাদ

জাজিরায় বিস্ফোরণে উড়ে গেল পানির ট্যাংক : ধসে পড়ল টয়লেটের ছাদ

শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুরের জাজিরা উপজেলায় একদিনের ব্যবধানে আবারও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির টয়লেটের ছাদ ধসে পড়ে এবং ওপরের পানির ট্যাংক ছিটকে গিয়ে বাড়ির অন্য স্থানে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। বুধবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে জাজিরা উপজেলার বি কে নগর ইউনিয়নের কদম আলী মাদবর কান্দি গ্রামের জব্বার মাদবরের বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগে গতকাল একই উপজেলার বিলাসপুর ইউনিয়নে এক প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গেছে, গত কয়েক মাসে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে একাধিক ককটেল বিস্ফোরণ, কবরস্থান থেকে বিপুলসংখ্যক তাজা ককটেল উদ্ধার, বিস্ফোরণে প্রাণহানি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শতাধিক ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার সকালে বি কে নগর ইউনিয়নের কদম আলী মাদবর কান্দি গ্রামের জব্বার মাদবরের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জাজিরা থানা পুলিশের একটি তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের স্থান পরিদর্শন করে। এ সময় তারা আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করেন। এর একদিন আগে বিলাসপুর ইউনিয়নে মালয়েশিয়া প্রবাসী মো. আলী উজ্জামাল হাওলাদারের বাড়ির পেছনের সেপটিক ট্যাংকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় সেপটিক ট্যাংকের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থল থেকে ককটেলের আলামত উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বি কে নগর ইউনিয়নে আবারও বিস্ফোরণের ঘটনায় জনমনে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে জাজিরা থানার ওসি সালেহ আহম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগে থেকেই সেখানে বোমাটি রাখা ছিল। তীব্র রোদ ও গরমের কারণে সেটি বিস্ফোরিত হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। কীভাবে বিস্ফোরকটি সেখানে এলো এবং কারা এর সঙ্গে জড়িত, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button