স্থানীয় সংবাদ
গোপালগঞ্জে নদীতে মিলল নিখোঁজ শিক্ষার্থীর লাশ

গোপালগঞ্জ প্রতিনিধি ঃ গোপালগঞ্জে মধুমতি নদীতে ভাসমান অবস্থায় নাফিস আশরাফ (২১) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দুদিন পর শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়। নাফিস জেলা সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়ার আশরাফুল ইসলাম শরীফের ছেলে। তিনি ঢাকার গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র ছিলেন। জানা গেছে, শুক্রবার গোপালগঞ্জ সদর থানার গোবরা চৌধুরীপাড়া এলাকায় মধুমতি নদীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সন্ধ্যা ৬টার দিকে লাশটি উদ্ধার করে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, লাশটি নিখোঁজ নাফিসের বলে শনাক্ত করেছেন পরিবারের সদস্যরা। লাশের ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



