খুলনায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. ইসমাইল (৪১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল ছোট খালপাড় এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড় এলাকায় অবস্থান করছিলেন ইসমাইল। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি মাথায় একাধিক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে মৃত্যু নিশ্চিত করতে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা ইসমাইলের মাথায় গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, নিহত ইসমাইল এলাকায় মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট, হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। হত্যাকা-ের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।


