পাইকগাছায় কেজিএইচএফ মৌখালী ইউনাইটেড একাডেমির অ্যাডহক কমিটির সভাপতি হলেন আসলাম পারভেজ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
খুলনার পাইকগাছা উপজেলার কে.জি.এইচ.এফ. মৌখালী ইউনাইটেড একাডেমির পরিচালনা পর্ষদের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এতে পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. আসলাম পারভেজকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক মোঃ এনামুল কবীর স্বাক্ষরিত এক দাপ্তরিক প্রজ্ঞাপনে ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়। চার সদস্যবিশিষ্ট নতুন এই কমিটির অন্য সদস্যরা হলেন, জেলা শিক্ষা কর্মকর্তা মনোনীত সাধারণ শিক্ষক সদস্য আহাদুজ্জামান সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা/জেলা প্রশাসক মনোনীত অভিভাবক সদস্য এস এম খানজাহান এবং সদস্য-সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রজ্ঞাপনে জানানো হয়, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী গঠিত এই অ্যাডহক কমিটিকে নির্ধারিত ছয় মাস মেয়াদের মধ্যে বিধি মোতাবেক পূর্ণাঙ্গ ও নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে মোঃ আসলাম পারভেজ বলেন, বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক মানোন্নয়নে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। এই প্রতিষ্ঠানের ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষক, অভিভাবক, স্থানীয় সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।



