সমুদ্রে ৯ মাস : আত্মহত্যার ঝুঁকিতে হাজারো মার্কিন সেনা

প্রবাহ রিপোর্ট ঃ মধ্যপ্রাচ্যের সাগরে টানা প্রায় ৯ মাস ধরে টহল দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। সাধারণত মার্কিন যুদ্ধজাহাজগুলোকে প্রায় ছয় মাসের জন্য মোতায়েন করা হলেও, আব্রাহাম লিংকনের মোতায়েন এরই মধ্যে অনেকটা দীর্ঘ হয়েছে। ফলে জাহাজে থাকা প্রায় ৫ হাজার নাবিক ও সেনার মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন তাদের পরিবারের সদস্যরা। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, গত আট মাসে এই রণতরী থেকে ১০ হাজারের বেশি বার যুদ্ধবিমান উড্ডয়ন করেছে। একই সময়ে জাহাজে থাকা সেনাদের নিয়মিত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি মোকাবিলা করতে হয়েছে। দীর্ঘ সময় ধরে যুদ্ধের উত্তেজনা, নিরবচ্ছিন্ন দায়িত্ব এবং হামলার আশঙ্কার মধ্যে থাকায় নাবিক ও সেনাদের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে বলে দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা। জাহাজের পুরোনো অবস্থা নিয়েও উদ্বেগ ঃ রণতরীটির এক নাবিকের বাবা জেফারসন কেলি বলেন, এসব যুদ্ধজাহাজ অনেক পুরোনো। এগুলো সচল ও কার্যক্ষম রাখতে নাবিকদের দিনরাত পরিশ্রম করতে হয়। এত দীর্ঘ সময় তাদের সমুদ্রে রেখে দেওয়া কোনোভাবেই ঠিক হয়নি বলে মনে করেন তিনি। জাহাজের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে মার্কিন রাজনীতিকরাও জবাবদিহি দাবি করেছেন। জাহাজে পরিষ্কার পানির সংকট, বাথরুমের সমস্যা এবং নাবিকদের মানসিক চাপের বিষয় উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে চিঠি দিয়েছেন সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল। অভিযোগ অস্বীকার সামরিক বাহিনীর ঃ তবে এসব অভিযোগ অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। তাদের দাবি, জাহাজে কোনো নাবিক বা সেনা মারা যাননি এবং আত্মহত্যার ঝুঁকি নিয়ে ছড়িয়ে পড়া তথ্যও সম্পূর্ণ মিথ্যা। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, যুদ্ধের কারণে বিভিন্ন সরঞ্জাম ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছাতে দেরি হলেও জাহাজে পরিষ্কার পানি, শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা ও পর্যাপ্ত খাবারের কোনো ঘাটতি নেই। নাবিকদের মানসিক সহায়তার জন্য চিকিৎসক ও কাউন্সিলরও রয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও জাহাজের খারাপ পরিস্থিতি নিয়ে প্রকাশিত তথ্যকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। সন্তানদের দ্রুত ফেরানোর আকুতি ঃ তবে নৌবাহিনীর এসব আশ্বাসে সন্তুষ্ট নন নাবিকদের পরিবারের সদস্যরা। গত সপ্তাহে তারা নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের উদ্বেগ ও ক্ষোভের কথা জানান। জেফারসন কেলির মতো অনেক অভিভাবক চিঠি লিখে তাদের সন্তানদের দ্রুত বাড়িতে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন। কেলি এমনও বলেছেন, ছেলের পরিবর্তে তিনি নিজেই ওই জাহাজে গিয়ে কাজ করতে রাজি-শুধু তার সন্তানকে যেন পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। দায়িত্ব নিতে যাচ্ছে ইউএসএস জর্জ ওয়াশিংটন ঃ তবে দীর্ঘদিন সমুদ্রে থাকা নাবিকদের জন্য কিছুটা আশার খবরও এসেছে। ইউএসএস জর্জ ওয়াশিংটন নামের আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনের দায়িত্ব নিতে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। তবে দুই রণতরীর মধ্যে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শেষ করে ইউএসএস আব্রাহাম লিংকনের দেশে ফিরতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানা গেছে। সূত্র: সিবিএস নিউজ।



