সিজদায় ইমামের মৃত্যু

প্রবাহ রিপোর্ট : পটুয়াখালীতে ফজরের নামাজের সময় সিজদারত অবস্থায় হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ (৩০) নামের এক ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোরে পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে তার মৃত্যু হয়। হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ ওই মসজিদের ইমাম ছিলেন। তিনি দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজার-সংলগ্ন এলাকার মাওলানা আব্দুস সালামের একমাত্র সন্তান ছিলেন। তার দুই শিশু সন্তান আছে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রায় দেড় বছর ধরে মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ইমামতি করছিলেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ। স্থানীয় মানুষের সঙ্গেও ছিল তার ভালো সম্পর্ক। শান্ত স্বভাব ও ভদ্র আচরণের কারণে অল্প সময়েই মুসল্লিদের কাছে আপন হয়ে উঠেছিলেন আতাউল্লাহ। প্রতিদিনের মতো সোমবার ভোরে মসজিদে গিয়ে ফজরের সুন্নত নামাজ আদায় করছিলেন আতাউল্লাহ। নামাজের দ্বিতীয় রাকাতে সিজদায় যাওয়ার পর দীর্ঘ সময় পার হলেও না ওঠায় মুসল্লিরা কাছে গিয়ে দেখতে পান যে, তিনি মারা গেছেন। এ তথ্য দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। তাকে শেষবারের মতো একনজর দেখতে ওই মসজিদে ভিড় করেন মুসল্লিরা। তার মরদেহ বাড়ি নিয়ে আসা হলে সেখানেও শত শত মানুষ ভিড় করেন।
আতাউল্লাহর মামাতো ভাই মহিবুল্লাহ বলেন, “নামাজে সিজদারত অবস্থায় মৃত্যু আমাদের ইসলামে সৌভাগ্য ও মর্যাদাপূর্ণ মৃত্যু হিসেবে বিবেচিত হয়। আমার ভাই আতাউল্লাহর নামাজরত অবস্থায় মৃত্যু হয়েছে। তবে, এত অল্প বয়সে মৃত্যু আমাদের মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে৷”


