জাতীয় সংবাদ

বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান সেনাবাহিনী

প্রবাহ রিপোর্ট ঃ বলিউড স্টাইলে তথ্যচিত্র বা সিনেমা বানিয়ে যুদ্ধক্ষেত্রের পরাজয় গোপন করা বা ইতিহাস বদলে ফেলা যায় না বলে মন্তব্য করেছে পাকিস্তানের সেনাবাহিনী। ভারতের তৈরি ‘অপারেশন সিন্দুর’ নামক একটি তথ্যচিত্রের তীব্র সমালোচনা করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারত তাদের সামরিক ব্যর্থতা স্বীকার না করে নাটকীয় সিনেমাটিক উপায়ে ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা করছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মতে, তথাকথিত ওই তথ্যচিত্রে ভুল তথ্য ও অতিরঞ্জিত ঘটনার মাধ্যমে নিজেদের একতরফা জয় হিসেবে দেখানোর অপচেষ্টা করা হয়েছে, যা হাস্যকর এবং বাস্তবতাবহির্ভূত। সত্য গোপন করতে নির্মিত এই ভিডিওটিকে একই সঙ্গে একটি ট্র্যাজেডি এবং কমেডি হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। আইএসপিআর আরও জানিয়েছে, ‘মারকা-ই-হক’ এবং পাকিস্তানের পাল্টা পদক্ষেপ ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’-এর প্রকৃত নথি, বৈশ্বিক প্রতিবেদন এবং ভারতের নিজস্ব স্বীকারোক্তিই সত্য তুলে ধরার জন্য যথেষ্ট। সেখানে ভারতের একাধিক সামরিক বিমান ভূপাতিত করা এবং ২৬টি সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলার ইতিহাস কখনোই ঢেকে রাখা সম্ভব নয়। কোনো ধরনের সিনেমাটিক কারসাজি বা অপপ্রচার চালিয়ে যুদ্ধক্ষেত্রের চরম সত্য ও পরাজয়কে জয়ে রূপান্তর করা যায় না উল্লেখ করে পাকিস্তান সেনাবাহিনী সতর্ক করেছে যে, ভবিষ্যতে এমন কোনো সামরিক দুঃসাহস দেখালে তার কঠিন জবাব দেওয়া হবে। সূত্র: জিও টিভি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button