স্থানীয় সংবাদ

খুলনা শহরের জন্য জলবায়ু সহনশীলতা কৌশল পরামর্শ কর্মশালা

খবর বিজ্ঞপ্তি ঃ ‘‘খুলনা শহরের জন্য জলবায়ু সহনশীলতা কৌশল : পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ)’’ বিষয়ক দিনব্যাপী এক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়ছে। বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর সিএসএস আভা সেন্টারে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা ওয়াসা’র চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান। কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত ‘জলবায়ু পরিবর্তন অভিযোজিত নগর উন্নয়ন (সিসিএইউডি)’ শীর্ষক প্রকল্পের আওতায় পরামর্শক সংস্থা এ্যাকোম্পানী মেজর কনসালট্যান্ট (এএমসি) এ কর্মশালার আয়োজন করে। খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা ওয়াসা, কেডিএ, ডিপিএইচই, কুয়েট ও খুলনা বিশ^বিদ্যালয় ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ সরকার, জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক ও খুলনা সিটি কর্পোরেশন যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় কেসিসি প্রশাসক প্রকল্পের আওতায় গৃহীত কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়ে বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চলতি বর্ষা মৌসুমে নানা উদ্যোগের মধ্য দিয়ে জলাবদ্ধতা থেকে সাময়িকভাবে পরিত্রাণ পেলেও এ ব্যবস্থাপনা সাময়িক। এখন প্রয়োজন দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণ করা। তিনি নি¤œ আয়ের পরিবারের আবাসস্থলে পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চত করার জন্য খুলনা ওয়াসার প্রতি আহবান জানান এবং পানির এটিএম বুথ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে মৌসুমভেদে ওয়াসা কর্তৃক সরবরাহকৃত পানির পরিবর্তন, বিশেষ করে কোন মৌসুমের পানি লবণাক্ত হবে তা পূর্বেই নগরবাসীকে সতর্ক করার জন্য ওয়াসা কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। উল্লেখ্য, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা শক্তিশালীকরণের মাধ্যমে নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন করাই প্রকল্পটির মূল লক্ষ্য। ২০২২ সালের নভেম্বরে প্রকল্পটি গৃহীত হয়। প্রকল্পের আওতায় গৃহীত কার্যক্রমের উপর একটি প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের উদ্দেশ্যে ঢাকা-ভিত্তিক গবেষণা সংস্থা ‘‘সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)’’-কে নিযুক্ত করা হয়েছে। কৌশল প্রণয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে সংস্থাটি ইতোমধ্যে কেসিসি কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা সম্পন্ন করেছে এবং প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশলের বাস্তবায়ন কার্যক্রম চূড়ান্ত করার জন্য অনুষ্ঠিত সভায় সিদ্ধান্তও নেয়া হয়। পরবর্তী পদক্ষেপ হিসেবে আজ এ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক মো: ফিরোজ শাহ, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান ও এএমসি’র আন্তর্জাতিক টীম লিডার শেখ মুহাম্মদ মেহেদী আহসান। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার। এর আগে সকাল সাড়ে ১০টায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ৩০নং ওয়ার্ড অফিসে নারী উদ্যোক্তা ও শিশুশ্রমে নিয়োজিত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন করেন। উওমেন ইকনোমিক এমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এ কর্মসূচি বাস্তবায়ন করছে। ওয়ার্ল্ড ভিশনকে একটি মানবিক সংস্থা হিসেবে উল্লেখ করে অনুষ্ঠানে কেসিসি প্রশাসক বলেন, নারীদের স্বনির্ভর করতে সংস্থাটির কাজ প্রশংসনীয়। অনুদান প্রাপ্ত অর্থ দিয়ে তিনি ছাগল পালন, সেলাই মেশিন ক্রয়, বিউটি পার্লার পরিচালনা ইত্যাদি ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে নিজেদের স্বাবলম্বী করার জন্য নারী উদ্যোক্তাদের প্রতি আহবান জানান। একই সাথে তিনি নিজ সন্তানদের সুরক্ষায় নিয়মিত টিকা প্রদানের পাশাপাশি ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান। অনুষ্ঠানে প্রশাসক মূলধনে সহায়তাকল্পে ৩৫ জন নারী উদ্যোক্তাদের প্রত্যেকের হাতে ৯ হাজার টাকা এবং শিশু শ্রমে নিয়োজিত ৩১টি পরিবারের মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকা বিতরণ করেন করেন। ৩০নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মোল্লা মারুফ রশিদ, মেহেদী হাসান লিটন, মো: আলম হাওলাদার, নুরুল ইসলাম লিটন, আব্দুর রব, রুমানা পারভিন, প্রকল্পের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস, প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস স্যামুয়েল সোম, প্রজেক্ট অফিসার আবেদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button