অনলাইন ভুঁইফোড় সাংবাদিকতা রোধে পুলিশ-প্রশাসন ও সাংবাদিকদের একসঙ্গে কাজ করার আহ্বান

# নবাগত পুলিশ সুপার #
স্টাফ রিপোর্টার ঃ অনলাইন ভুঁইফোড় সাংবাদিকতা শুধু খুলনার সমস্যা নয়, এটি সারা দেশের একটি সমস্যা বলে মন্তব্য করেছেন খুলনার নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুক। এ সমস্যা মোকাবিলায় পুলিশ, জেলা প্রশাসন ও সাংবাদিক কমিউনিটিকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ৩টায় খুলনা পুলিশ সুপার কার্যালয়ের প্রেস কনফারেন্স কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, “অনলাইন ভুঁইফোড় সাংবাদিকতা আসলে শুধুমাত্র খুলনায় সমস্যা নয়। আমার কাছে মনে হয়, এটা সারা দেশেই একটি সমস্যা। বেসিক্যালি এই বিষয়টি অ্যাড্রেস করতে হলে স্টেকহোল্ডার যারা আছেনÑপুলিশ, জেলা প্রশাসন এবং জার্নালিস্ট কমিউনিটিÑআপনারা যারা আছেন, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
খুলনার বিভিন্ন এলাকার সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, “মাদকদ্রব্য, চাঁদাবাজি, অপহরণ, হত্যাকা-Ñএসব বিষয়ে আপনারা যে পরিস্থিতির কথা বলছেন, এসব দমনে ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “আসলে একার পক্ষে সবকিছু সম্ভব নয়। সেখানে জনগণের সাহায্য লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে। আমাদের কাছে তথ্য পৌঁছাতে হবে। আমরা এসব তথ্য নিয়ে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, “আপনারা যখন আমাদের সঙ্গে থাকবেন, তখন কোনো সমস্যাই জটিল থাকবে না। কারণ যারা অপরাধ করে বা ঘটায়, তাদের সংখ্যা খুবই কম। আমাদের সংখ্যাই বেশি।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ এবং অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুল ইসলাম। এ সময় খুলনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে গত রোববার খুলনার নবাগত পুলিশ সুপার হিসেবে সরকার ওমর ফারুক যোগদান করেন।



