খুলনা বিভাগে ডেঙ্গুতে একদিনে নতুন ভর্তি ২০২ জন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪ হাজার ৮০৬ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। মঙ্গলবার (২৫ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪১ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৬ জন ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫৬ জন। এ ছাড়া বাগেরহাটে ১৪ জন, সাতক্ষীরায় ২ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, যশোরে ১৭ জন, ঝিনাইদহে কোনো রোগী ভর্তি হয়নি, মাগুরায় ৪ জন, নড়াইলে ১৩ জন, কুষ্টিয়ায় ২ জন, চুয়াডাঙ্গায় ৩ জন এবং মেহেরপুরে ২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত খুলনা জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৫৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৫২ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫৫ জন। এ ছাড়া ৪০ জন রোগীকে অন্যত্র রেফার করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছর এ পর্যন্ত মোট ১ হাজার ১৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে, ৯৫২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে ১৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। বাগেরহাটে এ পর্যন্ত ১ হাজার ২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ জেলায় একজনের মৃত্যু হয়েছে এবং ৯০২ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৯ জন।
অন্যদিকে সাতক্ষীরা জেলায় এ পর্যন্ত ৩২ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৬ জন, যশোরে ৪৫৪ জন, ঝিনাইদহে ৭০ জন, মাগুরায় ১১০ জন, নড়াইলে ১৭৮ জন, কুষ্টিয়ায় ৯৭ জন, চুয়াডাঙ্গায় ১৪ জন এবং মেহেরপুরে ৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সামগ্রিক হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া মোট ৪ হাজার ৮০৬ জনের মধ্যে ৪ হাজার ৮৯ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬১৮ জন। এ পর্যন্ত ৮৩ জন রোগীকে অন্যত্র রেফার করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২০২ জন হলেও ডেঙ্গুতে কোনো নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে চলতি বছর বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ১৬ জনে রয়েছে।



