স্থানীয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগরী জামায়াতের তিনদিন ব্যাপী বিশেষ কর্মসূচী ঘোষণা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খুলনা মহানগরী শাখা শহরজুড়ে তিন দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচীর ঘোষণা দিয়েছে। আগামী ২৯, ৩০ ও ৩১ আগস্ট ২০২৩ (শনিবার, রোববার ও সোমবার) এই কর্মসূচী পালন করা হবে। গত কাল মঙ্গলবার (২৫ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচীর কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে খুলনা মহানগরীতে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং হাসপাতালে ভর্তি হচ্ছেন। এই পরিস্থিতিকে একটি ‘নিত্যবাস্তবতার হুমকি’ হিসেবে বর্ণনা করে জামায়াতে ইসলামী মনে করে, শুধুমাত্র চিকিৎসা বা ঔষধ দিয়ে এই মহামারী প্রতিরোধ করা সম্ভব নয়। এর মূল সমাধান নিহিত রয়েছে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ এবং জমে থাকা পানি নিষ্কাশনের ওপর।
এই লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখার পক্ষ থেকে তিন দিনব্যাপী এই ‘পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান’ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর অধীনে মহানগরীর প্রতিটি ওয়ার্ডে নেতা-কর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে বাজার, রাস্তাঘাট, ড্রেন, নালা-নর্দমা ও শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হবে।
কর্মসূচীর বিস্তারিত বিবরণ দিতে গিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ আগস্ট, শনিবার সকাল ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানটি মহানগরীর তারের পুকুর এলাকা থেকে শুরু হবে। এ সময় খুলনা মহানগরী জামায়াতের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ এবং ২১ ও ২৩ নং ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত থাকবেন। প্রেস বিজ্ঞপ্তিতে অধ্যাপক মাহফুজুর রহমান নগরবাসীকে উদ্দেশ্য করে বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধুমাত্র সরকার বা সিটি কর্পোরেশনের ওপর নির্ভর করলে চলবে না। আমাদের নিজেদের পরিবার, প্রতিবেশী ও সমাজকে রক্ষা করতে আমাদের সবাইকে এই অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে।”তিনি প্রতিটি নাগরিককে তাদের বাড়ি, আঙিনা, ছাদ, ড্রেন, নালা-নর্দমা, ফুলের টব, টায়ার ও কৌটা নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান। যেখানে এডিস মশা বংশবৃদ্ধি করতে পারে। জামায়াতে ইসলামী আশা প্রকাশ করে যে, সরকারের পাশাপাশি জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত খুলনা গড়ে তোলা সম্ভব হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button