জাতীয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাতের কর্মসূচি নিয়ে মাদানীর কড়া হুঁশিয়ারি

প্রবাহ রিপোর্ট ঃ ‘বিতর্কিত বক্তব্য’ প্রত্যাহার করে দ্রুত দুঃখপ্রকাশ না করলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো ধরনের কর্মসূচি বা অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী। শনিবার (২৯ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। পোস্টে রফিকুল ইসলাম মাদানী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সঙ্গে স্থানীয় মানুষের গভীর আবেগ ও ভালোবাসার সম্পর্ক রয়েছে। মাদ্রাসাটিকে স্থানীয়রা ‘আমাদের জামিয়া’ নামে অভিহিত করেন। তিনি বলেন, জামিয়া ইউনুসিয়াকে ঘিরে কোনো সমস্যা বা এর বিরুদ্ধে কোনো ঘটনা ঘটেছেÑএমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তা রক্ষায় এগিয়ে আসেন। হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রসঙ্গে মাদানী বলেন, তিনি বক্তব্য প্রত্যাহার করে দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো কর্মসূচি করতে পারবেন না। একইসঙ্গে এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করেন তিনি। তবে হাসনাত আবদুল্লাহ দ্রুত দুঃখপ্রকাশ করলে বিষয়টি স্বাভাবিক হয়ে যাবে বলেও মন্তব্য করেন মাদানী। তার ভাষ্য, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আঘাত পেলে উত্তেজিত হলেও ক্ষমা করতে জানেন এবং ক্ষমা করলে আপন করে নিতেও জানেন। এদিকে হাসনাত আবদুল্লাহর শারীরিক গঠন ও গায়ের রং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা আপত্তিকর মন্তব্য করেছেন, তাদেরও সমালোচনা করেন মাদানী। তিনি বলেন, কারও ভুলের প্রতিবাদ করতে গিয়ে তার শারীরিক বৈশিষ্ট্য নিয়ে মন্তব্য করা ঠিক হয়নি। এ ধরনের মন্তব্যের জন্য সংশ্লিষ্টদের নিজ নিজ অ্যাকাউন্ট থেকে দুঃখপ্রকাশের আহ্বান জানান তিনি। পোস্টের শেষাংশে হাসনাত আবদুল্লাহর প্রতি দ্রুত দুঃখপ্রকাশ করে বিষয়টি শেষ করার আহ্বান জানান রফিকুল ইসলাম মাদানী। উল্লেখ্য, এর আগে সংসদে দেওয়া বক্তব্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখপ্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। একইসঙ্গে নৌকাবাইচের স্থান উল্লেখ করতে গিয়ে তথ্যগত ভুল হয়েছিল বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button