বিনোদন

একজন শিল্পীকে অসম্মান করা সভ্যতার শিক্ষা নয় : প্রভা

প্রবাহ রিপোর্ট ঃ দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ার একজন শিল্পীকে যেমন পরিচিতি, খ্যাতি ও মানুষের ভালোবাসা এনে দেয়, তেমনি কখনো কখনো জীবনের একপর্যায়ে সেই পরিচয় থেকেই দূরে সরে যেতে দেখা যায় অনেক অভিনয়শিল্পীকে। কেউ ব্যক্তিগত কারণে অভিনয় ছাড়েন, আবার কেউ অতীতের পেশাজীবন নিয়ে অনুশোচনাও প্রকাশ করেন। সম্প্রতি এমনই একটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজের ফেসবুক পোস্টে প্রভা কারও নাম উল্লেখ না করেই শিল্পী ও শিল্পচর্চার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অতীতের পরিচয়কে হেয় করার আগে নিজের মূল্যবোধ নিয়েও প্রশ্ন তোলার পরামর্শ দিয়েছেন তিনি। প্রভা লেখেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’ নিজের বক্তব্য কঠিন কিংবা কিছুটা তিক্ত শোনাতে পারে- এমন আশঙ্কার কথাও জানিয়েছেন প্রভা। তবে এরপরও নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।’ শিল্পচর্চায় যুক্ত হওয়ার আগে শিক্ষা, মূল্যবোধ ও সংস্কৃতিবোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। তার ভাষায়, যারা সংস্কৃতির জগতে আসবেন, তাদের ‘শিক্ষা নিয়ে, মূল্যবোধ নিয়ে, সংস্কৃতিবোধ নিয়ে এবং সবচেয়ে বেশি নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে’ আসা উচিত। প্রভার পোস্টের সবচেয়ে আলোচিত অংশ হয়ে উঠেছে শিল্প ও অভিনয়কে ‘পাপ’ হিসেবে দেখার ধারণার বিরোধিতা। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি লেখেন, ‘কারণ শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়। শিল্প একটি সংস্কৃতি।’ একজন শিল্পীর দীর্ঘ ক্যারিয়ারের সঙ্গে তার পরিচয়, পরিশ্রম ও সৃষ্টিশীলতার যে সম্পর্ক, সেটিকেই সামনে এনেছেন প্রভা। তার মতে, কোনো শিল্পী পরবর্তী জীবনে ভিন্ন পথ বেছে নিলেও সেই কারণে তার অতীতের শিল্পচর্চাকে অসম্মান করা উচিত নয়। পোস্টের শেষদিকে তিনি বলেন, ‘আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’ যদিও প্রভা তার পোস্টে কারও নাম উল্লেখ করেননি, সাম্প্রতিক সময়ে অভিনয়জীবনকে ঘিরে বিভিন্ন শিল্পীর বক্তব্য ও অতীত পেশাকে নতুনভাবে মূল্যায়নের বিষয়টি নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে, তারই প্রেক্ষাপটে অনেকে এই পোস্টকে দেখছেন। বিশেষ করে কোনো অভিনয়শিল্পী দীর্ঘদিনের ক্যারিয়ার থেকে সরে গিয়ে সেই সময়ের কাজকে নেতিবাচকভাবে মূল্যায়ন করলে সহকর্মী ও শিল্পীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। প্রভার বক্তব্যও সেই বিতর্কেরই অংশ হিসেবে সামনে এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button