এজাক্স জুট মিলে চুরির চেষ্টা, ছাদ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু

খানজাহান আলী থানা প্রতিনিধি : খুলনার খানজাহান আলী থানাধীন মীরেরডাঙ্গা এজাক্স জুট মিলে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে পালানোর সময় ছাদ থেকে পড়ে গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত যুবকের নাম সম্রাট ঢালী (২৫)। তিনি খুলনার দৌলতপুর থানাধীন সেনপাড়া বউবাজার সংলগ্ন এলাকার কানাই ঢালীর ছেলে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সম্রাট ঢালীসহ তিনজন চুরির উদ্দেশ্যে মীরেরডাঙ্গা এজাক্স জুট মিলের ভেতরে প্রবেশ করেন। এ সময় মিলের নিরাপত্তাকর্মীদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে বাকি দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও সম্রাট ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত সম্রাটকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়গেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মাসুদ রানা জানান, মিলের অভ্যন্তরে চুরির উদ্দেশ্যে প্রবেশের পর নিরাপত্তাকর্মীরা তাদের ধাওয়া দিলে দুজন পালিয়ে যান। এ সময় সম্রাট ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



