বিনোদন

মঞ্চে গান গাইতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন সামিনা চৌধুরী

প্রবাহ রিপোর্ট ঃ সময়ের জনপ্রিয় পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ এবার পূর্ণ করতে যাচ্ছে অর্ধশতক পর্ব। গত বছরের ২ আগস্ট মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ যাত্রা শুরু করা এই আয়োজনের ৫০তম পর্ব প্রচারিত হবে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টায়। বিশেষ এই পর্বে অতিথি হয়ে আসছেন দেশের কালজয়ী কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। পডকাস্টটির গ্রন্থনা ও সঞ্চালনায় রয়েছেন রুম্মান রশীদ খান। তিনি জানান, ৫০তম পর্বটি বিশেষ করে তুলতেই সংগীতাঙ্গনের বরেণ্য শিল্পী সামিনা চৌধুরীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। কাকতালীয়ভাবে এ বছরই সংগীত ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ করছেন এই শিল্পী। ফলে পডকাস্টের অর্ধশতক আর সামিনা চৌধুরীর সংগীতজীবনের ৫০ বছর- দুটি মাইলফলক যেন একই সুতোয় গাঁথা হয়ে গেছে। আড্ডায় নিজের দীর্ঘ সংগীতজীবনের নানা অজানা গল্পও তুলে ধরেছেন সামিনা চৌধুরী। জানিয়েছেন, তার কণ্ঠে জনপ্রিয় হয়ে ওঠা কালজয়ী দুটি গান ‘কবিতা পড়ার প্রহর এসেছে’ ও ‘আমায় ডেকোনা ফেরানো যাবেনা’ একই দিনে রেকর্ড করেছিলেন তিনি। তার সংগীতজীবনের শুরুটাও ছিল প্রতিভা অন্বেষণের মঞ্চ দিয়ে। ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’-তে দেশের গান গেয়ে প্রথম পুরস্কার অর্জন করেন তিনি। সেই সাফল্যই ধীরে ধীরে তাকে নিয়ে আসে সংগীতের বৃহত্তর পরিসরে। সামিনা চৌধুরীর চলচ্চিত্রে প্লেব্যাকের অভিষেক ঘটে ‘জন্ম থেকে জ্বলছি’ সিনেমার মাধ্যমে। ওই সিনেমার ‘একবার যদি কেউ ভালোবাসতো’ গানটির জন্য প্রথমবারের মতো শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার পান তিনি। একই অনুষ্ঠানে ‘নয়নের আলো’ সিনেমার ‘আমার বুকের মধ্যিখানে’ গানটির জন্যও পুরস্কৃত হন এই শিল্পী। সংগীতজীবনের শুরুর দিকেই এমন স্বীকৃতি তার পথচলাকে আরও সমৃদ্ধ করে। তবে সাফল্যের এই গল্পের আড়ালেও রয়েছে নানা আবেগঘন স্মৃতি। সামিনা চৌধুরী জানান, একসময় এত মানুষের সামনে গান গাওয়ার চাপ ও উত্তেজনায় মঞ্চেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন তিনি। তারকা হয়ে ওঠার পেছনে থাকা সেই টেনশন, ভয় ও সংগ্রামের কথাও উঠে এসেছে এই বিশেষ আড্ডায়। সবচেয়ে চমকপ্রদ তথ্যগুলোর একটি হলো- ছোটবেলা থেকেই নাকি গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন না সামিনা চৌধুরী। বরং তার স্বপ্ন ছিল শক্তিশালী অভিনেত্রী হওয়ার। পডকাস্টে নিজের সেই ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, কিংবদন্তি ফেরদৌসী মজুমদারের মতো শক্তিশালী অভিনেত্রী হতে চেয়েছিলেন তিনি। অথচ সময়ের পরিক্রমায় গানই তাকে এনে দিয়েছে কোটি মানুষের ভালোবাসা ও বাংলাদেশের সংগীতাঙ্গনে একটি অনন্য অবস্থান। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর এই বিশেষ পর্বে তাই শুধু সামিনা চৌধুরীর গান নয়, উঠে আসবে তার জীবনের অজানা গল্প, স্বপ্ন, সাফল্য, মঞ্চের ভয় এবং পাঁচ দশকের দীর্ঘ সংগীতযাত্রার নানা স্মৃতি। পডকাস্টটির প্রযোজনায় রয়েছেন জেড আই ফয়সাল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button