ইয়েমেনে কারাগারে সৌদি বিমান হামলার দাবি : নিহত ৭

প্রবাহ রিপোর্ট ঃ ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-হাজম শহরের একটি কারাগারে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথি। হামলায় এক শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে তারা। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানান, সোমবার আল-জাওফ প্রদেশের ‘সেন্ট্রাল কারেকটিভ ফ্যাসিলিটি’ নামের ওই কারাগারে হামলা চালানো হয়। এতে এক নারীসহ আরও অন্তত সাতজন আহত হয়েছেন। হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ হামলার পরের কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। চ্যানেলটির দাবি, ভিডিওতে একটি ভবন ধসে পড়ার দৃশ্য এবং ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালানোর চিত্র দেখা গেছে। তবে হুথিদের এই অভিযোগের বিষয়ে সৌদি আরব এখনো কোনো মন্তব্য করেনি। এদিকে আল মাসিরাহ টিভি আরও কিছু ভিডিও প্রকাশ করে দাবি করেছে, ইয়েমেনের হাদরামাউত প্রদেশের একটি সীমান্ত ক্রসিংয়ে সৌদি সামরিক সরঞ্জাম বহনকারী সরবরাহ ট্রাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হুথি বাহিনী। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি অভিযোগ করে বলেন, আল-জাওফে সৌদি আরব ‘গণহত্যা’ চালাচ্ছে, নজরদারি ড্রোন উড়াচ্ছে এবং ভাড়াটে যোদ্ধাদের অস্ত্র সরবরাহ করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবকে হামলার জন্য শাস্তি দেওয়া হবে এবং এর পরিণতি সৌদি আরবকেই বহন করতে হবে।’ এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সৌদি আরবের চারটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে হুথিরা। এর মধ্যে একটি সিএইচ-৪ ড্রোন ছিল বলে জানান ইয়াহিয়া সারি। তার দাবি, ড্রোনটি আল-জাওফে ‘শত্রুতামূলক অভিযান’ চালাচ্ছিল। গত ১২ ঘণ্টায় এটি ছিল এ ধরনের দ্বিতীয় এবং গত ২৪ ঘণ্টায় চতুর্থ ড্রোন ভূপাতিত করার ঘটনা বলেও দাবি করেন তিনি। তবে ড্রোন ভূপাতিত করা এবং অন্যান্য অভিযোগের বিষয়েও সৌদি আরবের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তথ্যসূত্র: আল জাজিরা।



