আন্তর্জাতিক

নতুন প্রামাণ্যচিত্রে গাজায় ইসরাইলি হামলার গোপন রহস্য ফাঁস

প্রবাহ রিপোর্ট ঃ গাজায় ফিলিস্তিনি সাধারণ মানুষকে হত্যার পেছনে ইসরাইলি বাহিনী কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও গোপন প্রযুক্তি ব্যবহার করছে, তা নিয়ে নির্মিত ‘নাজা’ নামের একটি প্রামাণ্যচিত্র বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছে। অস্কারবিজয়ী দুই ইসরাইলি নির্মাতার তৈরি এবং ব্রিটিশ পত্রিকা ‘দ্য গার্ডিয়ান’ প্রযোজিত এই ছবিটি সম্প্রতি মর্যাদাপূর্ণ ভেনিস চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। এই ছবিতে ইসরাইলি সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগের ২৪ জন সদস্য নিজেদের পরিচয় গোপন রেখে সাক্ষাৎকার দিয়েছেন। তারা জানান, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি বিশেষ প্রযুক্তি দিয়ে ফিলিস্তিনিদের ওপর নজর রাখা হতো এবং রাতে যখন তারা পরিবারসহ নিজ ঘরে ঘুমিয়ে থাকতেন, তখন সেখানে বোমা হামলা চালানো হতো। সেনাসদস্যরা খুব ভালো করেই জানতেন, এসব হামলায় মূল লক্ষ্যবস্তুর পাশাপাশি তার স্ত্রী-সন্তানরাও মারা যাবেন। এ ছাড়া মোবাইল হ্যাক করে কথোপকথন শোনা, বেসামরিক মানুষের বাড়িঘর পরিকল্পিতভাবে পুড়িয়ে দেওয়া এবং খাবার পাওয়ার জায়গায় সাধারণ মানুষের ওপর গুলি চালানোর মতো ভয়াবহ বিবরণ এতে উঠে এসেছে। ছবিটির প্রদর্শনী শেষে দর্শক গ্যালারি থেকে টানা ২৫ মিনিট দাঁড়িয়ে করতালি দেওয়া হয়, যা কোনো চলচ্চিত্র উৎসবে বিরল এক রেকর্ড। নির্মাতারা জানান, বিচ্ছিন্ন কোনো সৈন্যের অপরাধ নয়, বরং পুরো সামরিক ব্যবস্থার রক্তক্ষয়ী নীতি প্রকাশ করতেই এই ছবি বানানো হয়েছে। জাতিসংঘের বিভিন্ন কমিশন ও আন্তর্জাতিক সংস্থা গাজায় যা ঘটছে তাকে গণহত্যা বললেও, এই ছবির মাধ্যমে সেই নির্মম সত্যের পিছনের কৌশলগুলোকেই বিশ্বমঞ্চে তুলে ধরা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button