জাতীয় সংবাদ

সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরের কাছে বিস্ফোরণ : রিয়াদে সতর্কতা জারি

বহু ফ্লাইট বাতিল ও বিলম্ব

প্রবাহ ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ ও কালো ধোঁয়ার কু-লী দেখা গেছে। ঘটনার পর পর পুরো রিয়াদ শহরজুড়ে সতর্কবার্তা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপিকে রিয়াদের একাধিক বাসিন্দা জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় সকালে বিমানবন্দরের দিক থেকে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ও ধোঁয়ার কু-লী আকাশে উঠতে দেখা যায়।
বিমান চলাচল ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার-২৪ জানিয়েছে, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এবং সেখানে সর্বোচ্চ মাত্রার (৫.০) ফ্লাইট বিপর্যয় সূচক রেকর্ড করা হয়েছে। বহু ফ্লাইট বাতিল এবং কয়েকটির শিডিউল পেছানো হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে (বাংলাদেশ সময় আজ শনিবার সকাল ৬ টা) রিয়াদজুড়ে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জরুরি বিমান হামলা সংক্রান্ত সতর্কতা জারি করা হয়। স্থানীয় বাসিন্দাদের মোবাইলে পাঠানো সতর্কবার্তায় লেখা হয়, ‘এলাকাটি শত্রুপক্ষের বিমান হামলার হুমকির মুখে রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ির ভেতরে থাকুন।’ এই সতর্কবার্তা জারির আধ ঘণ্টার মধ্যে বাসিন্দারা দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান।
ইয়েমেনে সংঘাত নতুন করে মারাত্মক রূপ নেওয়ার পর রিয়াদ শহরে সরাসরি এটিই প্রথম এত বড় আঘাতের ঘটনা।
এদিকে জাতিসংঘের তথ্যানুযায়ী, ইয়েমেনের সাম্প্রতিক এই সংঘাতের কারণে ১ লাখ ১২ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং প্রায় ৩ হাজার লোক সমুদ্রপথে জিবুতিতে পালিয়ে গেছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা চলতি মাসে এক ঝটিকা অভিযানের মাধ্যমে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এবং বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে। হরমুজ প্রণালি বন্ধ হওয়ার পর সৌদি আরব যে লোহিত সাগরীয় পথ ব্যবহার করে তেল রপ্তানি করছিল, সেখানে হুতিরা নৌ-অবরোধ ঘোষণা করেছে।
শিপিং ট্র্যাকিং সংস্থা কেপলার-এর তথ্য অনুযায়ী, গত জুলাই থেকে লোহিত সাগর দিয়ে সৌদি তেল রপ্তানি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। হুতিরা দাবি করেছে, তারা কেবল সৌদি জাহাজ ছাড়া অন্য সব সাধারণ বাণিজ্যিক জাহাজের জন্য এই প্রণালি উন্মুক্ত রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button