পর্তুগাল শিবিরে যোগ দিলেন রোনালদো

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ উয়েফা নেশনস লিগ সামনে রেখে পর্তুগাল জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জাতীয় দলের ক্যাম্পে পৌঁছানোর কয়েকটি ছবি পোস্ট করেছেন পর্তুগালের এই তারকা ফরোয়ার্ড। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবারের নেশনস লিগের পর্ব। নতুন কোচ হোর্হে জেসুসের ঘোষিত দলে জায়গা পেয়েছেন ৪১ বছর বয়সী রোনালদো। পর্তুগাল নিজেদের প্রথম ম্যাচে ২৪ সেপ্টেম্বর ঘরের মাঠে ওয়েলসের মুখোমুখি হবে। এরপর ২৭ সেপ্টেম্বর নরওয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে পর্তুগাল। ১ অক্টোবর ডেনমার্কের মাঠে পরের ম্যাচ, এরপর ৪ অক্টোবর ঘরের মাঠে আবার নরওয়ের বিপক্ষে খেলবে তারা। এর আগে রোনালদো জানিয়েছিলেন, এবারের গ্রীষ্মের ফিফা বিশ্বকাপই হবে বিশ্বকাপে তার শেষ অংশগ্রহণ। তবে কবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন, তা এখনো নিশ্চিত করেননি তিনি। ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সময় রোনালদোর বয়স হবে ৪৩ বছর। পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ডের নামের পাশে রয়েছে ১৪৬টি আন্তর্জাতিক গোল। ২০১৬ সালে পর্তুগালকে প্রথমবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানোর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। জেসুসের পর্তুগাল কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম দল ঘোষণা। বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর রবার্তো মার্তিনেসের স্থলাভিষিক্ত হন তিনি। এর আগে সৌদি আরবের ক্লাব আল নাসরে রোনালদোকে কোচিং করিয়েছেন জেসুস। গত মৌসুমে দুজনের অধীনে লিগ শিরোপা জেতে আল নাসর। ২৫ সদস্যের পর্তুগাল দল ঃ গোলরক্ষক: দিয়োগো কস্তা, রুই সিলভা, স্যামুয়েল সোয়ারেস। ডিফেন্ডার: গনসালো ইনাসিও, জোয়াও কানসেলো, দিয়োগো দালোত, নুনো তাভারেস, নুনো মেন্দেস, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, তোমাস আরাউহো। মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেস, জোয়াও পালিনিয়া, জোয়াও নেভেস, রুবেন নেভেস, ভিতিনহা, বের্নার্দো সিলভা। ফরোয়ার্ড: ক্রিস্তিয়ানো রোনালদো, ফাবিও সিলভা, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, গনসালো রামোস, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও।



