স্থানীয় সংবাদ

সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় ১৫০ কেজি মাছ শিকার : ৪ জেলে আটক

শ্যামনগর প্রতিনিধি ঃ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের প্রবেশ নিষিদ্ধ গহীন অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে চার জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ কেজি বিভিন্ন প্রজাতির সাদা মাছ, একটি ডিঙি নৌকাসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গোপসাগরসংলগ্ন রায়মঙ্গল নদীর নটাবেকী অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক জেলেরা হলেনÑসাতক্ষীরার শ্যামনগর উপজেলার বইশখালী গ্রামের মো. মফিজুল মোল্লার ছেলে মো. আল আমিন মোল্লা, পাইশামারী গ্রামের মৃত কাশেম গাজীর ছেলে মো. মনিরুল ইসলাম, একই এলাকার আবিয়র গাজীর ছেলে মো. কবিরুল এবং মৃত গোলাপ গাজীর ছেলে জামাল গাজী। বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের প্রবেশ নিষিদ্ধ গহীন অভয়ারণ্য এলাকায় একদল জেলে অবৈধভাবে মাছ শিকার করছেÑএমন গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা স্টেশনের বনকর্মীরা অভিযান পরিচালনা করেন। এ সময় চার জেলেকে মাছ শিকারের সরঞ্জাম ও ধরা মাছসহ আটক করা হয়। অভিযানে তাদের ব্যবহৃত একটি ডিঙি নৌকা, বিভিন্ন মাছ ধরার সরঞ্জাম এবং প্রায় ১৫০ কেজি বিভিন্ন প্রজাতির সাদা মাছ জব্দ করা হয়। বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রবেশ নিষিদ্ধ গহীন অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার দায়ে চার জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। পরে আটক জেলেদের সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button