খুলনা বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ৪৮ মৃত্যু : আক্রান্ত ১৩ হাজার ৬৬৭ জন

# ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে ভর্তি ২৫৬
স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৬৬৭ জন। এ সময়ে ডেঙ্গুতে ৪৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৬৭ জন। পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর, খুলনা বিভাগের ১ অক্টোবরের পরিচালক ডা: শেখ মো: মোশাররঠ হোসেন স্বাক্ষরিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন করে ২৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৯৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৩ জন ভর্তি হয়েছেন। বিভাগীয় হিসাবে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে খুলনা জেলায়। চলতি বছরে এ জেলায় মোট ৫ হাজার ২১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বর্তমানে ৪৪৮ জন চিকিৎসাধীন এবং ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ২ হাজার ৭৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে ২২৪ জন চিকিৎসাধীন এবং এ হাসপাতালে ডেঙ্গুতে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ১ হাজার ৮৯৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং বর্তমানে ১৬৪ জন চিকিৎসাধীন। জেলায় ডেঙ্গুতে মারা গেছেন ৩ জন। যশোরে ১ হাজার ৩৫৩ জন রোগী ভর্তি হয়েছেন; বর্তমানে চিকিৎসাধীন ১১৮ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। সাতক্ষীরা জেলায় ৩৭৪ জন রোগী ভর্তি হয়েছেন, বর্তমানে ৪০ জন চিকিৎসাধীন এবং মারা গেছেন ১ জন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৩ জন, বর্তমানে চিকিৎসাধীন ২০ জন। ঝিনাইদহে ৩৪৫ জন, মাগুরায় ২৮৩ জন, নড়াইলে ৪৯৪ জন, কুষ্টিয়ায় ৩২৩ জন, চুয়াডাঙ্গায় ১১৪ জন এবং মেহেরপুরে ২৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১২ হাজার ১২৪ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এছাড়া ৩২৮ জন রোগীকে অন্যত্র রেফার্ড করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, খুলনা বিভাগের মধ্যে খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। বিশেষ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বিভাগের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় বেশি।



