সুন্দরবনে জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের সুন্দরবনে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে মোংলার পশুর নদীর ইন্দুরকোলা নামক স্থান থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ও ভদ্রা নদীর মধ্যবর্তী চাওলা বগীর মুখে একটি অজ্ঞাতনামা কয়লাবাহী লাইটার জাহাজ মোস্তফা মাঝির নৌকায় ধাক্কায় দেয়। এতে নৌকায় থাকা মোস্তফাসহ ৩ জনই নদীতে পরে যায়। অপর দুই জেলে শুকুর আমিন ও সানাউল্লাহ সানি সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও মোস্তফা উপরে উঠতে পারে না। নিহত মোস্তফা পিরোজপুরের কাউখালী উপজেলার শয়না গ্রামের অজেদ মাঝির ছেলে। চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের দুই ছেলে মোংলায় এসেছে। স্বজনদের সাথে কথা বলা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ধাক্কা দেওয়া লাইটার জাহাজটির পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।



